আগামী নির্বাচনে প্রার্থী দিতে চায় ওয়ার্কার্স পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনটি আওয়ামী লীগের কাছে চাইবে মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি।
গত সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী (বর্তমানে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক) আবু সাঈদ আল-মাহমুদ সামান্য ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী গোলাম মোস্তফার কাছে হেরে যান। এই আসনে এবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক ওরফে বাবলু মহাজোটের প্রার্থী হতে চান।
২৫ আগস্ট পৌরসভার শহীদ ছমিরউদ্দিন মণ্ডল সঞ্চৃতি পার্কে নিজ দলের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে আলোচনা সভায় আনোয়ারুল হক আগামী সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সভায় অংশ নেওয়া দলীয় নেতা-কর্মীরা প্রথম আলোকে জানান, সভায় আনোয়ারুল হক উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। সভায় তিনি নেতা-কর্মীদের জানান, সম্প্রতি দলের সভাপতি ও সাংসদ রাশেদ খান মেননের সঙ্গে তাঁর সাক্ষাতে আলোচনা হয়েছে। রাশেদ খান মেনন তাঁকে বলেছেন, মহাজোটের শরিক হিসেবে ওয়ার্কার্স পার্টি কয়েকটি আসন দাবি করবে। এর মধ্যে জয়পুরহাট-২ আসনটি অন্যতম। তাঁর (মেনন) এই দাবি পূরণ হলে তিনি তাঁকে (আনোয়ারুল) আসনটিতে দলীয় প্রার্থী করবেন বলে জানিয়েছেন। এ কারণে আনোয়রুল হক দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
আনোয়ারুল হক বলেন, ‘১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ আর কখনো এ আসনে জয়লাভ করতে পারেনি। দলীয় প্রধান রাশেদ খান মেনন আমাকে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিক হিসেবে ওয়ার্কার্স পার্টি কয়েকটি আসন দাবি করবে। এর মধ্যে তালিকার চতুর্থ নম্বরে জয়পুরহাট-২ আসনটি রয়েছে।
আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবসর চৌধুরী বলেন, ২০০৮ সালের সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন সামান্য ভোটে হেরেছিলেন। তিনি সাংসদ নির্বাচিত না হয়েও এলাকার যথেষ্ট উন্নয়ন করেছেন। এ কারণেই এবার তাঁর জয়ের সম্ভাবনা শতভাগ। মহাজোটের কোনো শরিক দলকেই এ আসনটি ছেড়ে দেওয়ার সম্ভাবনা নেই।