আগামী নির্বাচনে ভালো করতে হবে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে অবশ্যই বিএনপির চেয়ে ভালো করতে হবে।’ লালমনিরহাটে গতকাল শনিবার নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এসব কথা বলেন।
তবে ১৮-দলীয় জোটের বর্জনের মধ্যে ‘একতরফা’ দশম জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হয়েছে এবং তাতে জাতীয় পার্টির কী ভূমিকা ছিল, সে বিষয়ে কিছু বলতে চান না বলে মন্তব্য করেন এইচ এম এরশাদ।
বিএনপির চেয়ে ভালো করতে হবে কেন—এ রকম প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘বর্তমান অবস্থায় বা অদূর ভবিষ্যতে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে অতিক্রম করতে পারবে বলে আমার মনে হচ্ছে না, তবে চেষ্টা অবশ্যই থাকবে।’
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে জাতীয় পার্টির ভরাডুবি প্রসঙ্গে জাপার চেয়ারম্যান বলেন, সবখানেই জাপার একাধিক প্রার্থী থাকায় ফল বিপর্যয় হয়েছে।
ভোট প্রার্থনা: সকালে মতবিনিময় সভা শেষে বেলা তিনটায় পাটগ্রাম উপজেলার ডাকবাংলা চত্বরে দলীয় নেতা-কর্মীরা এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে আমি এখান থেকেই ভোট করব। দেখি কত ভোট পাই—আট হাজার, দশ হাজার, না বারো হাজার। এরশাদ সাহেব নন, তাঁর বাসার বাবুর্চিও যদি এখান থেকে ভোটে দাঁড়ায়, সেও অনেক বেশি ভোট পাবে।’