খালেদার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।গতকাল বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার গণতন্ত্র ও গণতান্ত্রিক-প্রক্রিয়া সমর্থন করে। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন কীভাবে হবে—বাংলাদেশের রাজনৈতিক নেতারা ও জনগণ তা ঠিক করবে।রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে এটি মজিনার প্রথম সাক্ষাৎ। এক ঘণ্টা ১০ মিনিট স্থায়ী এ সাক্ষাতের সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আশাব্যঞ্জক। জাতীয় প্রবৃদ্ধি গত অর্থবছরে ৬ শতাংশ ছিল, যা ভবিষ্যতে ৭ থেকে ৮ শতাংশে উন্নীত হবে বলে আমি আশা করি।’ দারিদ্র্য বিমোচনেও বাংলাদেশের অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধাপরাধের বিচার: যুদ্ধাপরাধের বিচার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক দূত স্টিফেন র্যাপ কাজ করছেন। তিনি দুবার বাংলাদেশে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, সরকারপক্ষ ও আসামিপক্ষের কৌঁসুলিদের সঙ্গে ব্যাপক আলোচনা করেছেন। তিনি মনে করেন, এ ক্ষেত্রে স্টিফেন র্যাপের ভূমিকা ইতিবাচক। খালেদা জিয়ার সঙ্গে মজিনার এ সাক্ষাৎ সৌজন্যমূলক ছিল বলে জানান বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী।