
দেশে উন্নয়নের সুফল ধরে রাখতে আগামী নির্বাচনেও জনগণ নৌকায় ভোট দিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, লুটেরাদের সংগঠন বিএনপির ওপর জনগণের আস্থা নেই। দলটি কেবল হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিল। জনগণের ভাগ্য পরিবর্তনে কিছুই করেনি। ক্ষমতায় থাকাকালে শুধু নিজেদের পকেট ভারী করেছে।
নিজের কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে গণভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। জনগণই বারবার ভোট দিয়ে এই দলকে ক্ষমতায় এনেছে। দলটির তৃণমূল কখনো ভুল সিদ্ধান্ত নেয় না।
উল্লেখ্য, ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির সুধা সদন থেকে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা গ্রেপ্তার হন।
দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সেই দুঃসময়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলের বউয়ের অপারেশন। মেয়ে অন্তঃসত্ত্বা ছিল। সে জন্য আমি দেশের বাইরে যাই। অথচ এরপর আমাকে দেশে আসতে দেবে না। মামলা দেবে; ওয়ারেন্ট ইস্যু করবে। এই খেলাই তারা খেলতে চেয়েছে।’ তিনি আরও বলেন, ‘সবাই মামলার ভয়ে পালায়। আমি সেখানে যাচ্ছি মামলা মোকাবিলার জন্য। নির্দেশ ছিল বিমানবন্দরে কেউ যেন না যায়। তারা সংখ্যা বেঁধে দিয়েছিল। ১০-২০ জনের বেশি যেতে পারবে না। সব বাধা উপেক্ষা করে কৌশলে বিমানবন্দরে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিল। তাদের যেটা উদ্দেশ্য ছিল এত মানুষ থাকায় তারা সেটা করতে পারেনি।’ কারান্তরীণ থাকার সময়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিত্যক্ত একটি বাড়িতে আমাকে রাখা হয়েছে ১১টি মাস। দোতলার নিচে পর্যন্ত নামতে দিত না। এমনকি অসুস্থ হলে ডাক্তারও দেখায়নি। কিন্তু আমি কখনো মনের জোর হারাইনি।’
কওমি শিক্ষার উন্নয়নে সরকারি সহযোগিতার আশ্বাস
দেশে কওমি মাদ্রাসাশিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার ব্যাপারে আলেম-ওলামাদের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাওলানা আশরাফ আলীর নেতৃত্বে কওমি মাদ্রাসার কয়েকজন শীর্ষ আলেম তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।