আগামী পাঁচ বছরে অধিকাংশ ভূমি দখলদারদের আওতায় চলে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষের প্রতিরোধের ব্যবস্থা না থাকা ও প্রশাসন দখলদারদের পক্ষে কাজ করায় বান্দরবান ভূমি দখলের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এ অবস্থা বন্ধ করা না গেলে আগামী পাঁচ বছরের মধ্যে লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদমের অধিকাংশ ভূমি দখলদারদের আওতায় চলে যাবে। এতে হাজার হাজার আদিবাসী ও স্থায়ী বাসিন্দা উদ্বাস্তুতে পরিণত হবে।
গতকাল মঙ্গলবার লামা উপজেলা শহরের সাবেক বিলছড়িতে ভূমি বেদখল প্রতিরোধের উপায় খুঁজতে আয়োজিত এক সভায় উদ্বিগ্ন হেডম্যান (মৌজাপ্রধান), কার্বারি (পাড়াপ্রধান) ও জনপ্রতিনিধিরা এ আশঙ্কা প্রকাশ করেছেন।
লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু মার্মার সভাপতিত্বে সভায় ১৩২ জন হেডম্যান, কার্বারি ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির নেতারাও এ ভূমি বেদখল প্রতিরোধ সভায় সংহতি জানাতে এসেছিলেন বলে সংগঠনের সভাপতি গৌতম দেওয়ান ও অধ্যাপক মংসানু চৌধুরী জানিয়েছেন।
হেডম্যান, কার্বারি ও জনপ্রতিনিধিরা বলেছেন, দস্যুদের প্রতিরোধ করতে পাড়ায়-পাড়ায় প্রতিরোধ কমিটি গড়ে তোলা না হলে ভূমি রক্ষা ও বেদখল হওয়া ভূমি উদ্ধার করা সম্ভব হবে না। কারণ, প্রশাসনের কাছে অভিযোগ দিলেও ভূমিদস্যুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এমনকি পার্বত্য মন্ত্রণালয় থেকে গ্রেপ্তারের নির্দেশ দিলেও কাউকে গ্রেপ্তার না করে বরং বাতিল হওয়া রাবার ও হর্টিকালচার প্লটগুলোর তাদের নামে নাম পরিবর্তন করে দেওয়া হয়।
হেডম্যান অ্যাসোসিয়েশনের নাইক্ষ্যংছড়ি উপজেলার সভাপতি মংনু মার্মা বলেন, বান্দরবানের ভূমি যেন প্রশাসনিক কর্মকর্তাদের খাস তালুকে (জমিদারি) পরিণত হয়েছে। বনায়নের নামে বন বিভাগকে হাজার হাজার একর দখলে দেওয়া হচ্ছে। রাবার-হর্টিকালচার চাষ, প্রভাবশালী ব্যক্তি ও কোম্পানি যেভাবে যেটুকু ভূমি চাইবে তাকে ততটুকু জমি দেওয়া হচ্ছে। অথচ সাধারণ মানুষ ভূমির জন্য গেলে নানা রকম আইন দেখানো হয়। পার্বত্য চুক্তির পর এ পর্যন্ত বাইশারী, ঈদগড়, বাকখালী ও আলীক্ষ্যং মৌজায় প্রায় সব ভূমি দখল হয়ে পাঁচটি আদিবাসীপাড়া উচ্ছেদ হয়েছে। আরও পাঁচ-ছয়টি পাড়া উচ্ছেদের মুখে রয়েছে।
লুলাইন মৌজার হেডম্যান সিংপাত ম্রো বলেন, জমি বেদখলে বাধা দিলে দস্যুরা পুলিশ ও প্রশাসনের সহযোগিতা নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী মামলা দিয়ে জেল-জুলুমে ফেলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তিনি জানান, লুলাইনমুখ এলাকায় এ পর্যন্ত একটি পাড়া ও একটি বৌদ্ধবিহার উচ্ছেদ হয়েছে। ম্রো আদিবাসীদের চাংগ্রাই উৎসবের ভূমি দখল হওয়ায় তাদের উৎসব আয়োজন বন্ধ হয়ে গেছে।
গজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ও রূপসীপাড়ার ইউপি চেয়ারম্যান সাচিং মার্মা বলেন, ভূমিহারা মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় নেই।