ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। চীন ও জাপানের মতো বিশ্বের বৃহৎ অর্থনৈতিক শক্তিগুলো আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রথম টানেল নির্মাণ এবং দ্বিতীয় কালুরঘাট সেতুর কাজ বর্তমান সরকারের আমলেই শুরু হচ্ছে। চার লেনের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম ছয় লেন এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ করা হবে। সব মিলিয়ে আগামী পাঁচ বছরে পাল্টে যাবে চট্টগ্রামের চেহারা।
গতকাল বুধবার দুপুরে রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে আয়োজিত ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০১৪’ শীর্ষক মেলার চার দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু সুফিয়ান, রিহ্যাবের নবনির্বাচিত সাধারণ সস্পাদক মো. ওয়াহিদুজ্জামান, রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের আহ্বায়ক ইফতেখার হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন রিহ্যাবের নবনির্বাচিত সভাপতি আলমগীর শামসুল আলম।
বিশেষ অতিথির বক্তব্যে আবদুচ ছালাম বলেন, দেশে উন্নয়নের ক্ষেত্রে যদি কোনো বিপ্লব ঘটে থাকে, তবে আবাসন শিল্প তার অন্যতম। ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলে এ শিল্প এগিয়ে যাবে।
পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, খাদ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আবাসন তৈরি করতে হবে। যাতে চাষযোগ্য জমি নষ্ট না হয়।
সভাপতির বক্তব্যে আলমগীর শামসুল আলম সুলভ মূল্যে সাধারণ জনগণের জন্য বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা ও চট্টগ্রামে খাসজমি বরাদ্দের অনুরোধ জানান ভূমি প্রতিমন্ত্রীর কাছে। এ ছাড়া চট্টগ্রামে রিহ্যাব কার্যালয় ও একটি ইনস্টিটিউট গড়ে তোলার জন্য বাণিজ্যিক প্লটের বরাদ্দ দাবি করেন।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে।