আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ১০০ কোটি ডলার দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের উন্নয়নে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাঁচ বছরে প্রায় ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা (ইউএসএআইডি)। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ইউএসএআইডির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশের জন্য আগামী পাঁচ বছরের এ সহায়তার ঘোষণা দেওয়া হয়।গতকাল রাজধানীর র‌্যাডিসন হোটেলে মার্কিন আন্তর্জাতিক সাহায্য সংস্থাটির ৫০ বছর পূর্তি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের জন্য পাঁচ বছরের (২০১১-২০১৬) উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী ৯২২ মিলিয়ন ডলার দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য খাতে ৩১৩ মিলিয়ন, খাদ্যনিরাপত্তায় ২৭০ মিলিয়ন, মানবিক সহায়তায় ২১০ মিলিয়ন, গণতন্ত্র ও সুশাসনের বিকাশে ৬৬ মিলিয়ন এবং জলবায়ু পরিবর্তনে ৬৪ মিলিয়ন ডলার দেওয়া হবে।ইউএসএআইডির এ সহায়তার লক্ষ্য বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ৭০ লাখ কৃষক, ভূমিহীন শ্রমিক, বেসরকারি খাতে কর্মরত লোকজন ও অন্যদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। এ ছাড়া এ অর্থে স্বাস্থ্য কার্যক্রমের আওতায় পরিবার পরিকল্পনা সেবাদান, যক্ষ্মা ও এইচআইভি এবং এইডসের মতো সংক্রামক ব্যাধি মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশ-অনুকূল জ্বালানি ব্যবহারে প্রচারণা চালানো এবং বন উজাড় হ্রাসের মতো বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের অংশ হিসেবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা বৃদ্ধির প্রচেষ্টা করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেন, ‘প্রেসিডেন্ট জন এফ কেনেডি ৫০ বছর আগে একটি স্বপ্ন দেখেছিলেন। তাঁর স্বপ্নটি ছিল মানবতাকে এগিয়ে নেওয়ার মাধ্যমে বিশ্বকে সুরক্ষিত করা। আর এ স্বপ্ন বাস্তবে রূপ দিতে তিনি ইউএসএআইডি প্রতিষ্ঠা করেন। এই সংস্থার মূল নীতি ছিল জনগণকে সহায়তা করা।’ মজিনা উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৫৮০ কোটি ডলার দিয়েছে ইউএসএআইডি। প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশের সঙ্গে ইউএসএআইডির সম্পর্ক দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তার জন্য বাংলাদেশ গর্বিত।খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও দুর্যোগ মোকাবিলায় সাহায্য করছে ইউএসএআইডি। ইউএসএআইডির মিশনপ্রধান মরিস গ্রিন বলেন, বাংলাদেশকে মধ্য আয়ের একটি গণতান্ত্রিক দেশে পরিণত হতে পাঁচ বছরে এ সহযোগিতা দেওয়া হবে।