
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচ্চিন বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার আছে। সাংসদেরা নিজ নিজ এলাকায় গিয়ে বাল্যবিবাহ নিয়ে কথা বলছেন। অনেক সাংসদ তাঁর এলাকায় বাল্যবিবাহের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে বন্ধের উদ্যোগ নিচ্ছেন। এসব নানা উদ্যোগের ফলে আগামী পাঁচ বছরে বাল্যবিবাহের হার ১০ শতাংশের নিচে নেমে আসবে।
গতকাল মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে এক মতবিনিময় সভায় আর্জেন্টিনা এসব কথা বলেন। তিন বছর চার মাস দায়িত্ব পালন শেষে বাংলাদেশ থেকে চলে যাওয়ার আগে গতকাল তিনি প্রথম আলো কার্যালয়ে আসেন। আনুষ্ঠানিকভাবে সবার কাছ থেকে বিদায় নেন। অনানুষ্ঠানিক আলোচনায় তিনি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সম্প্রতি মন্ত্রিসভায় বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়ায় মেয়েদের বিয়ের বয়স কমানো–সংক্রান্ত বিশেষ ধারা বহাল রেখে খসড়া অনুমোদন হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে আর্জেন্টিনা বলেন, তিনি সরকারের সর্বশেষ খসড়া দেখেননি। শুধু শুনেছেন। তাই এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য করা ঠিক হবে না।
আর্জেন্টিনা বাংলাদেশের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশ থেকে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, যা নিজ দেশ মোজাম্বিকে গিয়ে কাজে লাগাবেন বলে উল্লেখ করেন। তাঁর মতে, বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রম করতে পারে। সরকার জনগণকে স্বপ্ন দেখাচ্ছে আর জনগণ সে স্বপ্ন পূরণে ছুটছে, যা খুবই ইতিবাচক।