আগামী প্রজন্মকে দুর্নীতি না করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম, নীলফামারী সদর ও সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। সৈয়দপুরে আয়োজিত সভায় বক্তারা আগামী প্রজন্মকে দুর্নীতি না করার আহ্বান জানিয়েছেন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: সনাক সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম-রংপুর সড়কের পাশে তাদের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। পরে সনাকের কার্যালয়ে আলোচনা সভা হয়। সেখানে সনাকের সভাপতি এ টি এম এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে পৌর মেয়র নূর ইসলাম, জেলা মহিলা পরিষদের সহসভাপতি রওশন আরা চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পিটিআই থেকে একটি শোভাযাত্রা বের করে।
নীলফামারী: সকালে টিআইবি ও সনাকের উদ্যোগে সনাকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে জেলা সনাকের সভাপতি নরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভা সঞ্চালনা করেন টিআইবি নীলফামারীর আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফ মাহমুদ।
সৈয়দপুর (নীলফামারী): উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বেলা ১১টায় সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় (বাংলা হাইস্কুল) থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের দুই পাশে মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দুর্নীতি প্রতিরোধের জন্য আগামী প্রজন্মকে কাজ করতে হবে। তাদের দুর্নীতি না করার শপথ নিতে হবে।