প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম স্বাধীন বাংলা বেতারকেন্দ্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এর সব সত্য নতুন প্রজন্মকে সঠিকভাবে জানাতে হবে। আমরা আগামী প্রজন্মের কাছে বিভাজন রেখে যেতে চাই না। কারণ, বেতারমাধ্যম দিয়ে আমরা অনেক অসত্যের গল্পও শুনেছি। পট পরিবর্তন হলে সত্য বিভিন্ন সময়ে মিথ্যা হয়ে যায়।’গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত চট্টগ্রাম বেতারের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম ও রম্যলেখক ফাহমিদা আমিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বেতারের আঞ্চলিক পরিচালক সৈয়দা শাম্মী আরা চৌধুরী।সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে চট্টগ্রাম বেতারের শুরু থেকে বিভিন্ন পর্যায়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২১ জনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন মোহাম্মদ নাসির (মরণোত্তর), মলয় ঘোষ দস্তিদার (মরণোত্তর), এ এইচ সাইদুর রহমান (মরণোত্তর), কবিয়াল এয়াকুব আলী (মরণোত্তর), মোহাম্মদ সাদেক আলী, রাজিয়া শহীদ (মরণোত্তর), মোহন লাল দাশ (মরণোত্তর), মোহাম্মদ শাহ বাঙালি (মরণোত্তর), এম এন আখতার (মরণোত্তর), বেলাল মোহাম্মদ, মো. আমিনুর রহমান, প্রবাল চৌধুরী (মরণোত্তর), আবদুল গফুর হালী, ওস্তাদ আজিজুল ইসলাম, শেফালী ঘোষ (মরণোত্তর), ইসলাম আহমদ (মরণোত্তর), মোহাম্মদ ফজল হোসেন, মিহির লালা, মাহবুব-উল আলম (মরণোত্তর), মমতাজউদ্দীন আহমদ ও আহমদ-উজ-জামান। এ ছাড়া ‘বেতারের ইতিবৃত্ত’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে বেতারের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।