আগামী প্রজন্মের ৫০ শতাংশকে কারিগরি শিক্ষা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে বিশাল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করতে হবে। কারিগরি শিক্ষা ছাড়া দেশে সার্বিক উন্নয়ন সম্ভব নয়, তাই আগামী প্রজন্মের ৫০ শতাংশকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হবে। গতকাল শুক্রবার ময়মনসিংহ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি আয়োজিত ‘জাতীয় জীবনে কারিগরি শিক্ষার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তে আয়োজিত সেমিনারে শিক্ষামন্ত্রী আরও বলেন, দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। আমরা চাই দারিদ্র্য, দুর্নীতি ও নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে এবং নৈতিকতাসম্পন্ন আধুনিক প্রজন্ম গড়ে তুলতে। এই লক্ষ্যে ইতিমধ্যে একটি রাজনীতিমুক্ত জাতীয় শিক্ষানীতির খসড়া প্রণয়ন করা হয়েছে, যা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। ময়মনসিংহ কারিগরি কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম, ময়মনসিংহ জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, পুলিশ সুপার গোলাম কিবরিয়া, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিন প্রমুখ।