পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের এখন থেকে তৈরি করতে হবে। জীবন চলার অনেক পথ থেকে সঠিক ও সত্যটি খুঁজে নিতে হবে। নিজের দক্ষতা, জ্ঞান ও শক্তিই সঠিক পথ খুঁজে দেবে। এ কাজটি খুব সহজ নয়, এ জন্য প্রয়োজন গভীর শ্রম ও সাধনা।’গতকাল শনিবার এইউডব্লিওর অ্যাকসেস অ্যাকাডেমির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদেরও সভানেত্রী। পরে তিনি সাংবাদিকদের জানান, আগামী বছর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিও) মূল ক্যাম্পাসের নির্মাণকাজ শুরু হবে। এ ক্ষেত্রে যেসব সমস্যা ছিল তা মিটে গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন। চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। অনুষ্ঠানে তিনি বলেন, ‘স্বপ্ন ছাড়া কেউ এগোতে পারে না। আর স্বপ্ন পূরণের জন্য দরকার কঠিন সংগ্রাম। ’ আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ১৩৭ জন শিক্ষার্থী অ্যাকসেস অ্যাকাডেমিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন।