আগামী বছর ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম বৈঠক আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে। আইভরি কোস্টের রাজধানী আবিদজানে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৪তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। দুই দিনের ওই বৈঠক গত মঙ্গলবার শেষ হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় সাড়ে তিন দশক পর এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনে বাংলাদেশের প্রস্তাবে ওআইসির সদস্য দেশগুলো পূর্ণ সমর্থন জানায়। এটি ওআইসিতে বাংলাদেশের সক্রিয় ও গঠনমূলক ভূমিকা এবং ক্রমবর্ধমান গুরুত্বের স্বীকৃতি। এর ফলে বাংলাদেশ মুসলিম উম্মাহর স্বার্থে তার সাফল্যের ইতিহাসগুলো ওআইসির অন্য সদস্যরাষ্ট্রগুলোর কাছে তুলে ধরার সুযোগ পাবে।

আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা আবিদজানে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্বোধন করেন। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি আস্থা রাখার এবং বাংলাদেশের জনগণকে সম্মানিত করার জন্য ওআইসির অন্য সদস্যরাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান মাহমুদ আলী। তিনি বলেন, আগামী বছর ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজনের সুযোগ পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ওআইসি ট্রয়কার অংশ এবং আগামী তিন বছরের জন্য ওআইসির আট সদস্যের গুরুত্বপূর্ণ নির্বাহী কমিটির একটি প্রভাবশালী দেশে পরিণত হলো।

পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তৃতায় মুসলিম বিশ্বের মতপার্থক্য কাটিয়ে উঠে ঐক্যের ওপর জোর দেন। তিনি ওআইসি সদস্যদেশগুলোর মধ্যে বৃহৎ পরিসরে বাণিজ্য ও বিনিয়োগের আহ্বান জানান।

বৈঠকে ফিলিস্তিন সমস্যাসহ মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন-নিপীড়নের খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমলে নেওয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ওআইসির সদস্য নয় এমন দেশগুলোতে মুসলমান সম্প্রদায় ও সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়বিষয়ক একটি প্রস্তাবে মিয়ানমারে আনান কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এ ছাড়া মিয়ানমারে সংঘটিত নিপীড়ন ও তা অস্বীকারের বিষয়ে জাতিসংঘ ও এর বিশেষ র‍্যাপোর্টিয়ারের প্রতিবেদন গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানানো হয়। মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়ন চালানোর বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমগুলোর বিশ্বাসযোগ্য প্রতিবেদনগুলোতে দৃষ্টি দেওয়ারও আহ্বান জানিয়েছে ওআইসি।

ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের শেষ দিনে মঙ্গলবার ওআইসির স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশনের (আইপিএইচআরসি) অন্যতম সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রার্থী সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির। ২০১৮ সাল থেকে তিন বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। এশিয়া অঞ্চলের তিন সদস্য পদে বাংলাদেশ ছাড়া তুরস্ক ও উজবেকিস্তানের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

১৮ সদস্যের আইপিএইচআরসিতে আরব, এশিয়া ও আফ্রিকার প্রতিটি থেকে পালা করে তিনজনকে সদস্য নির্বাচিত করা হয়।