আগামী বছর করদাতার সংখ্যা হবে ২০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরে দেশে করদাতার সংখ্যা ২০ লাখে এবং কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ৫০ লাখে উন্নীত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।বিকেল সাড়ে পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। শাহীন মনোয়ারা হকের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও জানান, করদাতার সংখ্যা যাতে বাড়ে, সে জন্য কর প্রদানের পদ্ধতি সহজ করা হয়েছে। বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ৩০ লাখ এবং করদাতার সংখ্যা ১০ লাখ। জিল্লুল হাকিমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, চারদলীয় জোট সরকারের শেষ দিকে ওমরাহ পালনের জন্য বর্তমান বিরোধীদলীয় নেতা সৌদি আরব যাওয়ার সময় যে ৪৬০টি স্যুটকেস সঙ্গে নিয়েছিলেন, তখন শুল্ক কর্তৃপক্ষ কীভাবে কী করেছে, সে ব্যাপারে নতুন করে এখন কোনো প্রতিবেদন পাওয়া যাবে না। তবে ওই সময় কিছু অর্থ পাচারের অভিযোগ আছে। কিন্তু এই অভিযোগ খালেদা জিয়ার বিরুদ্ধে নয়, তাঁর ছেলেদের বিরুদ্ধে।জাতীয় পার্টির মজিবুল হক প্রশ্ন করেন, ব্যাংকের সুদের হার ১০ শতাংশ করা হবে কি না? জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের সুদের হার সরকার নির্ধারণ করে না। এটি বাজার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং মূল্যস্ফীতির ওপর নির্ভর করে।মোস্তফা জালাল মহিউদ্দিনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, নতুন ব্যাংক স্থাপনের জন্য উদ্যোক্তাদের ন্যূনতম ৪০০ কোটি টাকার প্রারম্ভিক পরিশোধিত মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে হবে। এ ক্ষেত্রে একজন উদ্যোক্তা সর্বোচ্চ এক কোটি টাকা এবং সর্বোচ্চ মোট মূলধনের ১০ শতাংশের সমপরিমাণ শেয়ার ধারণ করতে পারবেন। হোসেন মুকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ১০ হাজার ১৯৩ মিলিয়ন মার্কিন ডলার।শামসুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকায় বিটিআরসি মুঠোফোনের ১৫ লাখ সিম বন্ধ করে দিয়েছে। বর্তমানে যেসব সিম দিয়ে ভিওআইপি ব্যবসা চালানো হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে।