আগামী বছর খুলনা-কলকাতা ট্রেন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের শুরুতেই বেনাপোল হয়ে খুলনা-কলকাতা যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। এ জন্য কারিগরি সমীক্ষা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে গতকাল শুক্রবার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় হাইকমিশনার এসব তথ্য জানান।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশ আমাদের সবচেয়ে ভালো বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেট্রাপোলে ‘সমন্বিত চেকপোস্ট’ উদ্বোধন করেছেন। বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে যা যা প্রয়োজন তা করা হবে।’

সভায় দুই দেশের বন্দরে বিরাজমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক। এ সময় ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফের অন্য নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘যশোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এ জন্য এখানে একটি ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপনের চিন্তাভাবনা চলছে।’

পরে হাইকমিশনার বেনাপোল রেলওয়ে স্টেশন, কাস্টমস চেকপোস্ট, ইমিগ্রেশন ও আইসিপি চেকপোস্ট পরিদর্শন করেন।