মানিকগঞ্জে প্রতিমন্ত্রী তাজুল ইসলাম
আগামী বছর ডিসেম্বরের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম অভিযোগ করেছেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বানচালে এবং তাঁর সন্তানদের রক্ষা করতে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। কিন্তু কোনো অপশক্তিই এ বিচারকাজ বানচাল করতে পারবে না। আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যেই যুদ্ধাপরাধী ও তাঁর ছেলেদের বিচার শেষ হবে।মানিকগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘সামান্য অসচেতনতার কারণে ১৯৭৫ সালে আমরা জাতির জনককে হারিয়েছি। এতে দেশ প্রায় ১০০ বছর পিছিয়ে গেছে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তা প্রতিহত করতে হবে। এ জন্য মুক্তিযোদ্ধাসহ সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।’মেলা উদ্যাপন কমিটির চেয়ারম্যান গাজী কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শাহরিয়ার আলম, সাংসদ এ বি এম আনোয়ারুল হক, সংরক্ষিত নারী আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, জেলা প্রশাসক শাহাবুদ্দীন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, পৌর মেয়র রমজান আলী প্রমুখ।