আগামী বছর থেকে অনলাইনে কর দেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বছর অনলাইনে কর দেওয়ার ব্যবস্থা চালু করা হবে, যেন করদাতার সঙ্গে কর কর্মকর্তার দেখা না হয়। এতে সুফল পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। বিশ্বের অনেক দেশেই এখন অনলাইনে কর দেওয়া হয়।গতকাল সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ এ বি এম আবুল কাশেমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশে নতুন করদাতার সংখ্যা বাড়ানোর কাজ চলছে। স্পট এসেসমেন্ট কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ২৬ হাজার ৯০০ জন নতুন করদাতাকে কর নেটের আওতায় আনা হয়েছে।অর্থমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরধারীর (টিন) সংখ্যা প্রায় ৩০ লাখ। এর মধ্যে চলতি বছরের এপ্রিল পর্যন্ত আট লাখ ৮০ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।আরেক প্রসঙ্গে তিনি বলেন, সরকারের আয় বাড়ানোর লক্ষ্যে স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোম্পানির উদ্যোক্তা অংশীদার ও পরিচালকদের শেয়ার লেনদেন থেকে অর্জিত আয়ের ওপর হ্রাসকৃত হারে কর আরোপ করা হয়েছে। একই সঙ্গে প্রিমিয়াম শেয়ার বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির প্রিমিয়াম মূল্যের ওপর কর আরোপ করা হয়েছে বলেও জানান তিনি।একই প্রশ্নের জবাবে মুহিত আরও জানান, বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎসংযোগ গ্রহণ ও ভাড়ায় ব্যবহূত বাস, ট্রাক ইত্যাদি যানবাহনের নিবন্ধন ও ফিটনেস নবায়নের ক্ষেত্রে টিন নম্বর গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।এক প্রশ্নের জবাবে মুহিত জানান, দেশের বাইরে বাংলাদেশের সোনালী ও জনতা ব্যাংকের শাখা আছে। এর মধ্যে সোনালী ব্যাংকের দুটি শাখা আছে ভারতের কলকাতা ও শিলিগুড়িতে। জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের চারটি শাখা আছে আবুধাবী, দুবাই, শারজাহ ও আল-নাইনে।স্পিকারের সুপারিশ: প্রশ্নোত্তর পর্বে স্পিকার কম দামি সিগারেট ও বিড়ির ওপর ধার্য করা শুল্ক স্থিতিশীল রেখে বেশি দামি সিগারেটের ওপর শুল্ক হার বাড়ানোর সুপারিশ করেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে উচ্চমূল্যের সিগারেটের ওপর শুল্ক বাড়ানোর ফলে অর্ধেকের বেশি ধূমপায়ী নিম্নমানের সিগারেট খেতে শুরু করেছেন। এতে কম দামি সিগারেটের গ্রাহক বেড়ে গেছে এবং বেশি দামি সিগারেটের গ্রাহক কমে গেছে। বেশি দামের সিগারেটের ওপর শুল্ক যেভাবে বাড়ানো হয়েছে, তা আর বাড়ানোর উপায় নেই। শতাধিক ইউনিয়নে ইন্টারনেট সেবা: এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছানোর লক্ষ্যে ১০৮টি ইউনিয়নে অপটিক্যাল নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিজস্ব অর্থায়নে ২৮ কোটি টাকার কাজ শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে কাজটি শেষ হবে বলেও জানান তিনি।মন্ত্রী বলেন, টেলিযোগাযোগব্যবস্থার উন্নয়নে বর্তমানে এক হাজার ৪৩১ কোটি ৫৫ লাখ টাকার আটটি প্রকল্পের কাজ চলছে।