আগামী বছর থেকে বাংলা চ্যানেলে আন্তর্জাতিক সাঁতার
বাংলা চ্যানেল নামে পরিচিত বঙ্গোপসাগরের সমুদ্রপথে আগামী বছর থেকে আন্তর্জাতিক সাঁতার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব বিভাগ থেকেও সাঁতারুদের অংশগ্রহণ থাকবে। রোমাঞ্চকর অভিযানে তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলতে ‘আন্তর্জাতিক বাংলা চ্যানেল সাঁতার চ্যালেঞ্জ-২০১২’ আয়োজনের উদ্যোগ নিয়েছে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) ও এক্সটিম বাংলা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠন দুটি এ ঘোষণা দিয়েছে।গত ৯ মার্চ টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত বাংলা চ্যানেল সাঁতার ২০১১-এর সফলভাবে সম্পন্ন করার এ সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সব চ্যালেঞ্জই যে আমরা পার হয়ে যেতে পারি, তার প্রমাণ ক্রিকেট এবং এ ধরনের অভিযান।’ সম্মেলনে ‘বাংলা চ্যানেল সাঁতার ২০১১’-এর ভিডিওচিত্র দেখানো হয়। এ আয়োজনে সহযোগিতা করেছিল বাংলাদেশ নৌবাহিনী। পৃষ্ঠপোষক ছিল সামিট গ্রুপ, নাভানা লিমিটেড ও ফ্যাশন হাউস নিত্যউপহার।