দুই মাসের মাথায় কাঁচা পাট রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সরকার। দেশের পাটকলগুলোতে কাঁচা পাটের সংকট দেখা দেওয়ায় গত ৭ ডিসেম্বর সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছিল। গত বৃহস্পতিবার তা প্রত্যাহার করা হয়। পাট ও বস্ত্র মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। বৃহস্পতিবার পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছর থেকে বাংলা তোষা পাট রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে পাটজাত সামগ্রী রপ্তানিকে উত্সাহিত করা হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানিকারক দেশগুলোর দূতাবাস থেকে সরকারের কাছে কাঁচা পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য অনুরোধ জানানো হয়। এই দেশগুলোর পাটজাত পণ্য উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলো কাঁচা পাট আমদানির জন্য ঋণপত্র খোলে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে তারা তা আমদানি করতে পারছিল না। পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ইউরোপসহ সারা পৃথিবীতে বাংলাদেশের বন্ধুরাষ্ট্রগুলো কাঁচা পাটের আমদানিকারক। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ বছর শুধু এলসি খোলা হয়েছে এমন ক্ষেত্রে কাঁচা পাট রপ্তানি করতে দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে দেশের শিল্পকারখানার জন্য প্রয়োজনীয় পাট রেখে তারপর কাঁচা পাট রপ্তানির আদেশ দেওয়া হবে। চলতি বছর দেশে পাটের উত্পাদন হয়েছে ৪৫ লাখ বেল। সরকারি-বেসরকারি মিলিয়ে দেশের পাটকলে চাহিদা ৪৬ লাখ বেল। ফলে দেশের অভ্যন্তরীণ বাজারেই এক লাখ বেল পাটের ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর বরাবর একটি চিঠি দিয়ে কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি), বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনও (বিজেএসএ) কাঁচা পাট রপ্তানি বন্ধের পক্ষে। তাদের আশঙ্কা, কাঁচা পাট রপ্তানি অব্যাহত রাখলে দেশীয় পাটকলগুলো কাঁচা পাটের অভাবে একে একে বন্ধ হয়ে যাবে এবং শ্রমিক ছাঁটাইয়ের পরিণতিতে সামাজিক অসন্তোষ ও অস্থিরতা ছড়িয়ে পড়বে।