আগামী বছর নৌবাহিনীতে নারী নাবিক নিয়োগ
আগামী বছর থেকে নৌবাহিনীর বিভিন্ন শাখায় প্রথমবারের মতো নারী নাবিক নিয়োগ করা হবে। আজ বুধবার সংসদের প্রশ্নোত্তরপর্বে এ তথ্য জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সরকার দলীয় সাংসদ কাজী রোজীর এ সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীতে বর্তমানে তিন হাজার ৫০৫ জন নারী সদস্য আছেন। এর মধ্যে সেনাবাহিনীতে দুই হাজার ৯৮৩ জন। বিমানবাহিনীতে ২৮৩ জন ও নৌবাহিনীতে ২৩৯ জন কর্মকর্তা রয়েছেন।
কাজী রোজীর অপর এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আবাসনের কারণে প্রতি বছর শূন্য দশমিক ২৬ শতাংশ কৃষি জমি হ্রাস পাচ্ছে। বর্তমানে সারা দেশে আবাদযোগ্য জমির পরিমাণ ৮৫ লাখ পাঁচ হাজার ২৭৮ দশমিক ১৪ হেক্টর। দেশের হাওর অঞ্চলে চাষযোগ্য জমির পরিমাণ এক লাখ ৬০ হাজার ৪১৯ হেক্টর।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, পদ্মা সেতু বাস্তবায়নে তিন হাজার ৬১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এ জন্য ১৮ হাজার ৬৩৪ জন জমির মালিকদের ৯০০ কোটি এক লাখ ৯১ হাজার ৮৯৫ টাকা দেওয়া হয়েছে।