আগামী বছর বাংলাদেশ হবে 'উৎসবের দেশ'

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পাওয়া প্রাচীন জনপদ বগুড়ার মহাস্থানগড়কে ঘিরে আগামী বছর বাংলাদেশ হবে ‘উৎসবের দেশ’।
মন্ত্রী বলেন, আগামী ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাস্থানগড়কে সার্ক সাংস্কৃতিক রাজধানী হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর দেশের সব ঐতিহাসিক স্থানে এক বছর ধরে নানা উৎসব আয়োজন করা হবে। বিদেশি পর্যটকদের এ দেশে ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে দেশ-বিদেশে নানা প্রচারণাও চালানো হবে। বিদেশি পর্যটকদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
মহাস্থানগড়কে ঘিরে এক বছরের অনুষ্ঠানমালা বিষয়ে নানা পরিকল্পনা নিয়ে আজ শনিবার বিকেলে বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় কালে আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বগুড়ার মহাস্থানগড় স্বীকৃতি পাওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে সারা বিশ্ব এখন মহাস্থানগড়ের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানবে। মহাস্থানগড়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বজুড়ে প্রসার ঘটবে। বিদেশি পর্যটকেরা এ দেশে সভ্যতার নিদর্শন দেখতে আসেন। মহাস্থানগড়কে ঘিরে বিশ্বের পর্যটকদের এ দেশে টানার সব প্রচেষ্টা থাকবে।’
আসাদুজ্জামান নূর বলেন, মহাস্থানগড় এখন শুধু প্রাচীন নিদর্শন নয়, সার্কের সাংস্কৃতিক রাজধানী। এ কারণে এখানকার উৎসব রাজধানীসহ দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে। সাংস্কৃতিক উৎসব ছাড়াও বাংলার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য, পরাধীনতার বিরুদ্ধে লড়াই সংগ্রাম, লোকজ সংস্কৃতিসহ আঞ্চলিক নানা কৃষ্টি-কালচার তুলে ধরা হবে। এখানে দেশীয় শিল্পীদের পাশাপাশি সার্কভুক্ত দেশের শিল্পীদের সাংস্কৃতিক বিনিময়ের মিলন উৎসব হবে।’