আগামী বছর বিশ্ব ইজতেমা ৮ জানুয়ারি
আগামী বছর বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি। ১০ জানুয়ারি জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের পর শেষ হবে প্রথম দফা। এর চারদিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।
বিশ্ব ইজতেমার শীর্ষ পর্যায়ের মুরুব্বীরা ২০১৬ সালের বিশ্ব ইজতেমার এই তারিখ নির্ধারণ করেছেন। রোববার রাতে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মুরুব্বীরা এক বৈঠকে বসে এসব সিদ্ধান্ত নেন।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, রোববার রাতে বিশ্ব ইজতেমার মুরুব্বীদের এক বৈঠকে ৮ জানুয়ারি থেকে ইজতেমা শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইজতেমা ময়দানে মুসল্লিদের স্থান সঙ্কুলান না হওয়ায় তাদের কষ্ট লাগবে বিকল্প কিছু প্রস্তাবনা এসেছে বলেও জানান তিনি। যা নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।