দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের উদ্যোগ বিসিআইএম-অর্থনৈতিক করিডর বাস্তবায়নের জন্য চার দেশের বিশেষজ্ঞরা আগামী বছরের প্রথমার্ধে তাঁদের সুপারিশ চূড়ান্ত করবেন। ওই সুপারিশের ভিত্তিতে সংযোগের উদ্যোগটি বাস্তবায়নের জন্য চার দেশ কাজ শুরু করবে।
আগামী বছরের মধ্যে বিসিআইএম-ইসি (বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার-অর্থনৈতিক করিডর) বাস্তবায়নের কাজ শুরুর এমন আশাবাদ নিয়ে গতকাল বুধবার ভারতের কলকাতায় যৌথ সমীক্ষা দলের দুই দিনের বৈঠক শেষ হয়েছে।
কলকাতায় চার দেশের সরকারি কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে গঠিত যৌথ সমীক্ষা দলের তৃতীয় দফা আলোচনা শেষে ২০১৮ সালের প্রথমার্ধে মিয়ানমারে অনুষ্ঠেয় বৈঠকে একীভূত প্রতিবেদন (সিনথেসিস রিপোর্ট) চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে কলকাতা থেকে মুঠোফোনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা ও শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ প্রথম আলোকে বলেন, একীভূত প্রতিবেদন চূড়ান্ত না হলেও প্রকল্পে অর্থায়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া অর্থনৈতিক করিডর বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, প্রাতিষ্ঠানিক কাঠামোর মতো বিষয়গুলোতে সবাই একমত হয়েছেন।
২০১৪ সালের ডিসেম্বরের পর ২৮ মাস পেরিয়ে গেলেও একীভূত প্রতিবেদন এবারও কেন চূড়ান্ত হলো না—এ প্রশ্নের জবাবে রিয়াজ হামিদুল্লাহ বলেন, ২০১৪ সালের ডিসেম্বরের পর থেকে সারা বিশ্বের মতো এ অঞ্চলেও অনেক পরিবর্তন হয়েছে। এ অঞ্চলের চার দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের সফর হয়েছে, পরিবর্তন এসেছে সম্পর্কেও। প্রতিবেদনে এ বিষয়গুলো পুরোপুরি প্রতিফলিত হয়নি। এই পরিবর্তনগুলো প্রতিবেদনে যুক্ত করে এটি চূড়ান্ত করে কর্মপন্থা ঠিক করার সিদ্ধান্ত হয়েছে।
বিসিআইএম-ইসির সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় বৈঠক ২০১৪ সালের ডিসেম্বরে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে ২০১৫ সালের দ্বিতীয়ার্ধে কলকাতায় তৃতীয় বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ওই বছর নির্বাচনের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতার পালাবদল এবং গত অক্টোবরে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সশস্ত্র বাহিনীর নির্যাতনের পর দেশটির সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে ঝিমিয়ে পড়ে বিসিআইএমের কার্যক্রম।
আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির লক্ষ্যে নাগরিক সমাজের উদ্যোগে বিসিআইএম-ইসির উদ্যোগ নেওয়া হয়। ওই প্রক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিসিআইএমের মাধ্যমে মিয়ানমার ও বাংলাদেশের মধ্য দিয়ে কুনমিংয়ের সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপনের কথা রয়েছে। ১৯৯৮ সালে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা শুরু হয়। ২০১৩ সালে এই উদ্যোগ নিয়ে চীন ও ভারতের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের পর সরকারি পর্যায়ে এটি নিয়ে আলোচনা শুরু হয়।