আগামী বছর শুরু হচ্ছে মেট্রোরেলের লাইন নির্মাণ
আগামী বছরের মাঝামাঝি মেট্রোরেলের লাইন নির্মাণসহ যাবতীয় নির্মাণকাজ শুরু হবে। ২০১৯ সালে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হবে। পরের বছর চালু হবে মতিঝিল পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ভবনে প্রকল্প কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রকল্পের পরিচালক মোফাজ্জল হোসেন এই তথ্য জানান। তিনি প্রকল্পের নানা দিক তুলে ধরেন। মেট্রোরেল প্রকল্পের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত। এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। এতে প্রায় ১৬ হাজার কোটি টাকা অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা। নির্ধারিত সময়ের আগেই প্রকল্প চালু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।
প্রকল্প পরিচালক মোফাজ্জল হোসেন জানান, মেট্রোরেলের কাজ আট ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম দুই প্যাকেজের আওতায় উত্তরায় ডিপোর মাটি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ করা হবে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এই কাজের। বিদ্যুৎ সরবরাহ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত কাজ এবং ইঞ্জিন-কোচ কেনার প্রাথমিক দরপত্রও আহ্বান করা হয়েছে। এসব দরপত্র প্রক্রিয়ার ফাঁকে ফাঁকে চলছে পূর্ণাঙ্গ নকশা প্রণয়ন, মাটি পরীক্ষা, ট্রাফিক চলাচল-সংক্রান্ত সমীক্ষা ও মাটির নিচে বিভিন্ন সেবা সংস্থার যেসব লাইন আছে সেগুলো চিহ্নিত করার কাজ।
প্রকল্প পরিচালক আরও জানান, ২০১৬ সালের মাঝামাঝি মেট্রোরেলের লাইন নির্মাণসহ যাবতীয় নির্মাণকাজ শুরু হবে। নির্মাণকালীন সময় যানজট ও ভোগান্তি কমাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার, বিদ্যমান সড়কের কিছুটা সম্প্রসারণ ও বিকল্প পথে ট্রাফিক চলাচলের পরিকল্পনা করা হয়েছে।
২০১৯ সালে দেশে জাতীয় নির্বাচন হবে। ২০২০ সালে পুরোটা একসঙ্গে চালু না করে কিছু অংশ চালুর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না জানতে চাইলে মোফাজ্জল হোসেন বলেন, আগারগাঁও পর্যন্ত নির্মাণ করে তো আর কাজ বন্ধ থাকবে না। কিছু অংশ যত আগে চালু করা যায়, ততই মানুষের লাভ। সেই চিন্তা থেকেই ভেঙে ভেঙে চালু করা হবে। এখন পর্যন্ত যেভাবে কাজ এগোচ্ছে, তাতে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে। মেট্রোরেলের জন্য ভাড়া ঠিক করা হয়েছে কি না জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, মেট্রোরেল আইনে ভাড়া ঠিক করার জন্য একটি কমিশন গঠনের কথা বলা হয়েছে। এটি চালু হওয়ার আগে কমিশন সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটি ভাড়া প্রস্তাব করবে। সরকার এর মধ্য থেকে নগরবাসীর আর্থিক সক্ষমতা বিচার করে ভাড়া নির্ধারণ করবে।
পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় বলা হয়, শুরুতেই ২৪ সেট ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেনে ছয়টি বগি থাকবে। শুরু এবং শেষের দুটি বগিতে ইঞ্জিন থাকবে। এর ফলে দুই দিকেই চলতে পারবে। পুরো ট্রেনই হবে শীতাতপনিয়ন্ত্রিত।
উপস্থাপনায় আরও জানানো হয়, ২০ কিলোমিটার মেট্রোরেল পথের পুরোটাই হবে উড়ালপথে। ১৬টি স্টেশনও হবে ওপরে। নিচ থেকে সিঁড়ি এবং লিফট দিয়ে স্টেশনে ওঠার ব্যবস্থা থাকবে। প্ল্যাটফর্মে প্রবেশের আগে ভাড়া পরিশোধ করতে হবে নির্ধারিত কার্ডের মাধ্যমে। উত্তরা তৃতীয় পর্ব থেকে শুরু হয়ে মেট্রোরেল পল্লবী, মিরপুর-১০, কাজীপাড়া, আগারগাঁও, ফার্মগেট, শাহবাগ, দোয়েল চত্বর, প্রেসক্লাব হয়ে মতিঝিল গিয়ে শেষ হবে। সভার শুরুতে সবাইকে স্বাগত জানান পরিচালক (অর্থ ও প্রশাসন) নুরুল আমিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রকল্প পরিচালক মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।