পার্বত্য চট্টগ্রাম এলাকায় বর্ষবরণ উৎসব বৈসাবি উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি চাকরিজীবীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। এই দুই দিন হলো ২৯ চৈত্র ও ২ বৈশাখ।
গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০১৬ সালের ছুটির তালিকা অনুমোদন করা হয়। সেখানে এই বিষয়টি যুক্ত করে আগামী বছর মোট ২২ দিনের সরকারি ছুটি অনুমোদন করা হয়। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সরকারি ছুটি অনুমোদনের বিষয়টি জানান। তিনি বলেন, ২২ দিন ছুটির মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি। এর মধ্যে আবার চার দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। আর আট দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এ ছাড়া আগের মতো অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের জন্য তিন দিন ঐচ্ছিক ছুটি থাকবে।
বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী প্রথম আলোকে বলেন, বৈঠকে একজন প্রতিমন্ত্রী ঈদের ছুটি বাড়াতে পবিত্র রমজান মাসের চার শনিবার খোলা রেখে এই চার দিন ঈদের ছুটির সঙ্গে যোগ করে মোট সাত দিন ছুটির প্রস্তাব করলে সেটি নাকচ হয়ে যায়। অবশ্য কোনো কোনো মন্ত্রী এই প্রস্তাবের পক্ষে কথা বলেন। এ সময় একজন মন্ত্রী বলেন, আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরের ছুটি কার্যত শবে কদরের ছুটি থেকে শুরু হবে। কারণ, এভাবেই ছুটি পড়ে গেছে। আর মন্ত্রিসভা যেহেতু প্রতি এক বছরের ছুটি অনুমোদন করে, সে জন্য এই প্রস্তাব নাকচ হয়ে যায়।