আগামী বছর ১০ লাখ পর্যটক আনতে চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চার বছরের অর্জন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পীদের নাচ পরিবেশনের দৃশ্য। ছবিটি আজ বুধবার রাজধানীর একটি হোটেল থেকে তোলা। ছবি: প্রথম আলো।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চার বছরের অর্জন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পীদের নাচ পরিবেশনের দৃশ্য। ছবিটি আজ বুধবার রাজধানীর একটি হোটেল থেকে তোলা। ছবি: প্রথম আলো।

২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে বাংলাদেশ। ওই বছর ১০ লাখ বিদেশি পর্যটক আনতে চায় বাংলাদেশ। এ জন্য অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চার বছরের অর্জন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘পর্যটন খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। ২০১৬ সালকে আমরা পর্যটন বর্ষ ঘোষণা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই খাতে কাজ চলছে। আশা করছি আগামী বছর ১০ লাখ বিদেশি পর্যটক আনতে পারব।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘আমাদের পর্যটন খাত অনেক পিছিয়ে। অথচ পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার এবং সুন্দরবনের মতো অনেক সম্ভাবনাময় পর্যটন স্পট রয়েছে বাংলাদেশে।’ এইচ টি ইমাম বলেন, ‘দেশের মধ্যে পর্যটন বাড়লেও বিদেশিদের যেসব সুবিধা দরকার সেগুলো নেই। আশা করছি ট্যুরিজম বোর্ড, মন্ত্রণালয় ও এ সংক্রান্ত সংসদীয় কমিটি এ খাতকে এগিয়ে নিতে পারবে।’
এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান, প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) প্রধান নির্বাহী কর্মকর্তা মারিও হার্ডি, পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী ও ট্যুরিজম বোর্ডের সিইও আকতার উজ জামান খান কবির।