আগামী বছরের দুই পর্বের ইজতেমার তারিখ ঘোষণা
আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে আয়োজক কমিটি। গত রোববার রাতে টঙ্গীতে ইজতেমাস্থলে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বিরা এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন। কমিটির মুরব্বি মো. গিয়াস উদ্দিন গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর দুই পর্বে ইজতেমা সম্পন্ন হবে। প্রথম পর্ব ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২০, ২১ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দেশের ৩২ জেলার মুসল্লিরা (জামাতবদ্ধ তাবলিগ সদস্যরা) এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। জেলাগুলো হলো: কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল ও বরগুনা।
এ বছর বিশ্ব ইজতেমায় ৩২ জেলার যেসব মুসল্লি অংশ নিয়েছেন, তাঁরা আবার ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ পাবেন ২০১৮ সালে। আগামী বছর তাঁরা বিভিন্ন জেলায় আঞ্চলিক ইজতেমায় অংশ নেবেন।
সূত্র জানায়, ইজতেমায় প্রতিবছর ২০ লাখের বেশি মুসল্লির সমাগম হয়। আখেরি মোনাজাতের দিন এই সংখ্যা দ্বিগুণ হয়, যা টঙ্গীর তুরাগ নদের তীরের ১৬০ একরের ইজতেমা ময়দানের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি।
১৯৬৭ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসা ইজতেমায় মুসল্লিদের চাপ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমা আয়োজন করা হচ্ছে। তাবলিগ জামাতের উদ্যোগে এই ইজতেমায় দেশের ছাড়াও ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকে তাদের সাথিরা অংশ নেন। তাঁরা এখানে তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং দাওয়াতে তাবলিগের কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য একত্র হয়ে জামাত নিয়ে বেরিয়ে পড়েন।