আগামী বছরের মধ্যে চট্টগ্রামে গ্যাস-সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ জন্য সেমুতাং গ্যাসফিল্ড থেকে পাওয়া গ্যাস জাতীয় গ্রিডের পরিবর্তে চট্টগ্রামে সরবরাহের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।গতকাল শনিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ‘চট্টগ্রামে শিল্পায়ন সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রাম চেম্বার এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় ব্যবসায়ীরা গ্যাস ও বিদ্যুৎ -সংকটে শিল্প-কারখানার উৎ পাদন বাধাগ্রস্ত হওয়ার তথ্য তুলে ধরেন। চট্টগ্রামে বিশেষ শিল্পপার্ক স্থাপনের প্রস্তাবও দেন তাঁরা।চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, শিল্প খাতকে বিকশিত করতে অবকাঠামোগত উন্নয়ন, শিল্পপার্ক স্থাপন, বিদ্যুৎ ও গ্যাস-সংকটসহ বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা দরকার। বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, গ্যাস-সংকটের কারণে ৩৫টি পোশাকশিল্প কারখানা উৎ পাদনে যেতে পারছে না। এ সংকট নিরসন করা না হলে শিল্প-কারখানার বিকাশ হবে না।চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম চট্টগ্রামের শিল্পায়নে অবকাঠামোগত উন্নয়ন এবং সেমুতাং গ্যাসফিল্ডের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ না করে চট্টগ্রামে সরবরাহ করার আহ্বান জানান। সভায় অংশ নেন চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, ক্যাপ্টেন শফি চৌধুরী, তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাউদ্দিন কাসেম খান, বিকেএমইএর প্রতিনিধি শওকত ওসমান প্রমুখ।