আগামী বছরের মধ্যে শুল্কায়নে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৩ সালের জুনের মধ্যে আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়নে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হবে। এ জন্য ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ নামে নতুন সফটওয়্যার সংযোজনের কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউসে এক সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ এ কথা বলেন। ‘ই-পেমেন্ট এবং চট্টগ্রাম শুল্ক ভবন অটোমেশন: সাম্প্রতিক গতিপ্রকৃতি’ বিষয়ক এই সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টম হাউসের কমিশনার মারুফুল ইসলাম। এতে বক্তব্য দেন রাজস্ব বোর্ডের সদস্য (শুল্কনীতি) মো. নাসির উদ্দিন। সেমিনারে ‘ই-পেমেন্ট’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক কানন কুমার রায়। স্বয়ংক্রিয় পদ্ধতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমান। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘স্বয়ংক্রিয় পদ্ধতি পুরোপুরি বাস্তবায়িত হওয়ার পর আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারব। তখন পিএসআই (প্রাক্-জাহাজীকরণ পরিদর্শন) পদ্ধতি বাতিল হলেও অনলাইনে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে সমস্যা হবে না। এ বছরের ডিসেম্বরের পরে পিএসআই পদ্ধতি বাতিল হবে।’ সেমিনারে কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক কানন কুমার রায় বলেন, অনলাইনে আয়কর, মূল্য সংযোজন করের পাশাপাশি শুল্কও পরিশোধ করা যাবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা সোনালী ব্যাংকের প্রিপেইড কার্ড ব্যবহার করে ২৪ ঘণ্টা এবং যেকোনো স্থান থেকে অনলাইনে শুল্ক পরিশোধের ব্যবস্থা চালু হচ্ছে।