আগামী বছরের মার্চে পঞ্চম আদমশুমারি
২০১১ সালের ১৫ মার্চ থেকে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা শুরু হবে। শুমারির কাজ চলবে ১৯ মার্চ পর্যন্ত।গতকাল বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার পরিকল্পনা কমিশনে সাংবাদিকদের সঙ্গে ‘আদমশুমারি ও গৃহগণনা-২০১১’ সম্পর্কে মতবিনিময় করেন। তিনি এতে জানান, শুমারির কাজ নিয়ন্ত্রণের জন্য সারা দেশকে দুই হাজার ৬০০টি অঞ্চলে ভাগ করা হয়েছে।১৪ মার্চ রাত ১২টাকে ‘জিরো আওয়ার’ ধরে ভোর ছয়টা পর্যন্ত গৃহহীন ভাসমান লোকদের গণনা করা হবে। শুমারি-কর্মীরা রেলস্টেশন, বাসস্ট্যান্ড, বাড়ির বারান্দা ও সিঁড়ির তলা এবং রাস্তাঘাট ঘুরে এ গণনা করবেন।পরিকল্পনামন্ত্রী বলেন, আদমশুমারির সঙ্গে গৃহগণনার কাজও চলবে। ৬০ হাজার তত্ত্বাবধায়ক এ জন্য কাজ করবেন। শুমারিতে পরিবারের জন্য আটটি প্রশ্ন ও ব্যক্তিপর্যায়ে ১৪টি প্রশ্নের মাধ্যমে মৌলিক তথ্য সংগ্রহ করা হবে। দেশে এটি হবে পঞ্চম আদমশুমারি। পরিসংখ্যানসচিব রীতি ইব্রাহিম বলেন, আদমশুমারির কাজে ১৮৭ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল ২০০১ সালে। এর আগে ১৯৭৪, ১৯৮১ ও ১৯৯১ সালে আদমশুমারি হয়।