আগামী বছরের শুরুতে খুলনা-কলকাতা রুটে ট্রেন চলবে
আগামী বছরের শুরুতেই বেনাপোল হয়ে খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। এ রুটে ট্রেন চালুর লক্ষ্যে ইতিমধ্যে কারিগরি দিক পর্যবেক্ষণ ও পর্যালোচনা শুরু হয়েছে। আজ শুক্রবার যশোরের বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
সভায় দুই দেশের বন্দরে বিরাজমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক। এ সময় ব্যবসায়ী সংগঠন ও অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, যশোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এ জন্য যশোরে একটি ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে।
স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সহযোগিতার কথা উল্লেখ করে মতবিনিময় সভায় হর্ষবর্ধন শ্রিংলা বলেন,‘বাংলাদেশ আমাদের সবচেয়ে ভালো বন্ধুপ্রতিম দেশ। তাই এ দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে। এর ধারাবাহিকতায় ইতিমধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী পেট্রাপোলে “সুসংহত তল্লাশিচৌকি” উদ্বোধন করেছেন। বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’
পরে হাইকমিশনার বেনাপোল রেলওয়ে স্টেশন, কাস্টমস তল্লাশিচৌকি, ইমিগ্রেশন ও আইসিপি তল্লাশিচৌকি পরিদর্শন করেন। সে সময় তাঁর সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি দিবাঞ্জন রায়, ফার্স্ট সেক্রেটারি (রাজনীতি) রাজেশ উরকি, সেকেন্ড সেক্রেটারি (বাণিজ্য) শিশির কুঠারি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন চক্রবর্তী, বেনাপোল কাস্টমস হাউসের ভারপ্রাপ্ত কমিশনার জামাল হোসেন, অতিরিক্ত কমিশনার ফিরোজউদ্দিন, যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমান, বেনাপোল বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম প্রমুখ।