আগামী বছরের শুরুতে হবে রাঙ্গুনিয়া ইপিজেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রামে বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনার সমস্যা নিরসনে চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরু নাগাদ রাঙ্গুনিয়া ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) তৈরি হবে। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।‘আগামী দিনের চট্টগ্রাম, আগামী দিনের বাংলাদেশ: বিশ্বমানের বন্দরের জন্য দরকার বিশ্বমানের নগর’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার অদম্য চট্টগ্রাম ও চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ (সিআরআই) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সহযোগিতায় ছিল চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সাংসদ এম এ লতিফ, এ কে খান ফাইন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাহ উদ্দিন কাশেম খান ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।স্বাগত বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। মূল প্রবন্ধ পড়েন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম। পরিবেশ ও বনমন্ত্রী তাঁর বক্তব্যে চট্টগ্রামে সরকারের বেশ কয়েকটি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে রাঙ্গুনিয়ায় চালু হবে দেশের প্রথম পক্ষিশালা। এখানে চালু করা হবে ২ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ কেব্ল কার।মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, চট্টগ্রামের উন্নয়নে চেম্বার সব ধরনের গঠনমূলক প্রচেষ্টা চালিয়ে যাবে। ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘অর্থনৈতিক সম্মেলনের মাধ্যমে আমরা নির্ধারণ করব কীভাবে চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। আর এভাবে চট্টগ্রামের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে।’মূল প্রবন্ধে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান চট্টগ্রামকে উদীয়মান শহর হিসেবে আখ্যা দিয়ে বলেন, ২০১০ সালের পরিসংখ্যান অনুযায়ী, ২৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক লেনদেন হয় চট্টগ্রামে। দেশের ৮০ শতাংশ আমদানি-রপ্তানি হয় এখান থেকে। বিশ্বের দ্রুত বিকাশমান শহরের অন্যতম এ শহরে ড্রাইডক, তেল শোধনাগার, শিপইয়ার্ড, ইস্পাত, অটোমোবাইল, সিমেন্ট, ইউরিয়া, টেক্সটাইল, কেব্ল নির্মাণসহ প্রায় ৪০ শতাংশ ভারী শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। পরে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন একটি ভিডিওচিত্রের মাধ্যমে চট্টগ্রামে জাহাজনির্মাণ শিল্পের সম্ভাবনা তুলে ধরেন।