আগামী বাজেট পাঁচ বছরের বাজেটের অংশ: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার হবে আড়াই লাখ কোটি টাকার মতো। বাজেটটি করা হবে পাঁচ বছরের বাজেটের অংশ হিসেবে। অর্থাত্ আগামী পাঁচ বছরে সরকার যা যা করবে, তার একটি ছাপ থাকবে আগামী বাজেটে।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার অর্থনীতিবিদ ও গবেষকদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) সদস্যরা। আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের ব্যাপারে প্রথম প্রাক-বাজেট আলোচনা এটি।

বিনিয়োগ, বেসরকারি খাতের আস্থা, সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এবং শিক্ষার মান বাড়ানো—এই চার বিষয়কে অধিকতর গুরুত্ব দিয়ে আগামী বাজেটটি করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, ‘আমি এমনিতেই বলেছি যে বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকার মতো হবে। এখনো কিছু ঠিকঠাক করা হয়নি।’

আগামীবার সাতটি বিভাগীয় জেলায় জেলা বাজেট ঘোষণার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তবে জেলা বাজেটের কোনো বরাদ্দ থাকছে না। বরাদ্দ দেওয়া হবে ২০১৫-১৬ অর্থবছর থেকে।’ 

দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতির সবচেয়ে দুর্বল দিক হচ্ছে বিনিয়োগ প্রবৃদ্ধির ক্ষেত্রে শ্লথগতি। গত পাঁচ বছরে বিনিয়োগ প্রবৃদ্ধির হার হচ্ছে মাত্র ১ থেকে দেড় শতাংশ। এ ব্যাপারে একটি বড় ধরনের উদ্যোগ নিতে হবে।’

পাঁচ বছরে বিনিয়োগের হার ২৫ দশমিক ৫ শতাংশ থেকে ২৭ শতাংশে উন্নীত হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এটা খুবই কম। এটাকে ৩২ শতাংশে উন্নীত করতে হবে।’

সংসদের আগামী অধিবেশনে ‘ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট’ ও ‘পল্লি সঞ্চয় ব্যাংক আইন’ উপস্থাপন করা হবে জানান অর্থমন্ত্রী।

ব্যাংকিং খাত-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের পুরো কর্তৃত্ব রয়েছে। তারা শুধু ব্যাংকের পরিচালকদের চাকরিচ্যুত করতে পারে না। কিন্তু ব্যবস্থাপনা পরিচালককে অব্যাহতি দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে।

পরিকল্পনা কমিশনের আওতাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। এ থেকে কমিয়ে সংশোধিত এডিপি ৫৪ হাজার কোটি টাকা করার একটি প্রস্তাব দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়কে তা কার্যকর করতে বলেছে অর্থ মন্ত্রণালয়। কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয় চায় ৬০ হাজার ৮৮২ কোটি টাকা।

আলোচনায় অংশ নেন বিআইডিএসের মহাপরিচালক মুস্তফা কে মুজেরী, গবেষক জায়েদ বখত, বিনায়ক সেন, রুশিদান ইসলাম রহমান, নাজনীন আহমেদ; পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, জায়েদী সাত্তার; বিইএর সভাপতি তৌফিক আহমদ চৌধুরী; ইআরজির অতিরিক্ত পরিচালক সাজ্জাদ জহির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও ইআরজির নির্বাহী পরিচালক মোহাম্মদ হেলাল প্রমুখ।