আগামী বাজেট হবে গরিববান্ধব: এনবিআরের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন বলেছেন, ২০১৪-১৫ অর্থবছরের বাজেট গবিরবান্ধব করা হবে। বিত্তবানেরা বেশি কর দেবেন, কম বিত্তবানেরা দেবেন কম।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের কার্যালয়ে রাজস্ব সংগ্রহ ও বাজেটবিষয়ক এই ব্রিফিংয়ে এনবিআরের চেয়ারম্যান এসব কথা বলেন।

গোলাম হোসেন বলেন, আগামী অর্থবছরের বাজেট থেকে করপোরেট কর বিদ্যমান ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমানো শুরু হবে। ধাপে ধাপে তা ব্যক্তি আয়করের হার ২৫ শতাংশে নামিয়ে আনা হবে।

একই সঙ্গে তিনি জানান, চলতি বছরের বাজেটের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩৬ হাজার কোটি টাকা। তিন মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়ায় লক্ষ্যমাত্রা ১১ হাজার কোটি টাকা কমিয়ে আনা হয়েছে। বর্তমানে তা এক লাখ ২৫ হাজার কোটি টাকা ধরা হয়েছে। আর এখন তা অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন এনবিআরের চেয়ারম্যান।

একসময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। শেখ হাসিনার হিসাবটি খুলে দেওয়া হয়েছে, কিন্তু খালেদা জিয়ারটি কেন খুলে দেওয়া হয়নি জানতে চাইলে গোলাম হোসেন বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে তাঁর লিখিত আবেদনের ভিত্তিতে। যাঁরাই আবেদন করেছেন, যৌক্তিক কারণ না থাকলে সবারটাই খুলে দেওয়া হয়েছে। গত ১৬ মাসে ওনার (খালেদা জিয়া) কাছ থেকে কোনো আবেদন আমরা পাইনি। অ্যাকাউন্ট জব্দ হলে সেটা খোলার জন্য আবেদন করতে হয়। তিনি কোনো আবেদন করেননি।’