আগামী বাজেটে রেল খাতে আরও বরাদ্দ বাড়ছে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, দেশে নতুন নতুন রেলপথ স্থাপন করা হচ্ছে। অতীতে রেল খাতে বাজেট বরাদ্দ ছিল মাত্র ৫০০ কোটি টাকা। সরকার তা বাড়িয়ে ১৬ হাজার ১৩৫ কোটি টাকায় উন্নীত করেছে। আগামী বাজেটে এ বরাদ্দ আরও বাড়বে।
আজ শনিবার দুপুরে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভিন্ন উপকারখানা (শপ) পরিদর্শন ও ক্যারেজ শপের নতুন সংযোজন এয়ার ব্রেক মেশিন রুমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রীএ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিগগির ভারতীয় ঋণে (এলওসি) সৈয়দপুর রেলওয়ে কারখানায় আরও একটি রেলকোচ কারখানা নির্মাণ করা হবে।
কারখানায় লোকবল-সংকটের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, একটি মহল নিয়োগপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। কেউ কেউ এ-সংক্রান্ত মামলা করায় আদালত নিয়োগপ্রক্রিয়া স্থগিত করে দিচ্ছেন। এর মধ্যেও সাম্প্রতিক সময়ে রেলওয়েতে আট হাজার কর্মী নিয়োগ করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘জনগণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য রেলকে বেছে নিয়েছে। দিন দিন যাত্রীসংখ্যা বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নতুন নতুন রেলপথ স্থাপন করছি। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর, ঈশ্বরদী পাবনা হয়ে ঢালারচর, দোহাজারী থেকে কক্সবাজার, খুলনা থেকে মোংলা রেলপথ স্থাপনে কার্যক্রম শুরু করা হয়েছে। বঙ্গবন্ধুর সেতুর পাশে নতুন আরও একটি বঙ্গবন্ধু রেলসেতু এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি সেতু নির্মাণের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।’
রেলমন্ত্রী বলেন, ঈদে ঘরমুখী যাত্রীদের সেবা বাড়াতে ৯০টি কোচ মেরামতের লক্ষ্য দেওয়া হয়েছে। গত ঈদে কারখানায় ৮৫টি কোচ মেরামত করা হয়। এর বাইরে রেলপথ মন্ত্রণালয় শিগগির ২৫০ কোচ আমদানি করছে। বিদেশ থেকে আনা হচ্ছে ৮০টি ইঞ্জিন। এতে রেলসেবা আরও বাড়বে। এ ছাড়া চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ চালু করা হবে। এই রেলপথে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল করবে।