আগামী বাজেটে সাংসদদের জন্য থোক বরাদ্দ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সাংসদদের জন্য থোক বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গতকাল বৃহস্পতিবার রাতে সংসদীয় কমিটির সভাপতিদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক্‌-বাজেট আলোচনার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হয়েছে। আর সেটা হচ্ছে সাংসদদের জন্য থোক বরাদ্দ। এটা আগামী বাজেটে বাড়বে এবং অনেকখানিই বাড়বে। স্থানীয় সরকারের প্রয়োজনেই এ বৃদ্ধিটা দরকার বলে আলোচনায় মত এসেছে।

বর্তমানে সাংসদদের ২০ কোটি টাকা করে দেওয়া হয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এ টাকাটার ওয়েস্টেজ হয়। সাংসদেরা বললেন যে তাঁরা যখন প্রস্তাব দেন এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) প্রকৌশলীরা তখন কাজ করেন না। এলজিইডির প্রকৌশলীরা কিছু অজুহাত দেন। বোগাস অজুহাত।’

আশির দশকে বাজেটের ১০ শতাংশ জেলা ও থানাপর্যায়ে খরচের কথা স্মরণ করে অর্থমন্ত্রী বলেন, এটা ঠিক ছিল বলে মনে করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে রাস্তাঘাট মেরামতে টাকা লাগে। বর্তমানে একটা রাস্তা মেরামত হয়, আরেকটা হয় না। তবে এবার অগ্রাধিকার ঠিক করে দেওয়া হবে এবং একটা প্রজ্ঞাপন জারি করা হবে।

শুধু সাংসদেরা টাকা খরচ করবেন—ব্যাপারটা এমন নয় বলেও জানান মুহিত। তিনি বলেন, উপজেলা এবং জেলা পরিষদ রয়েছে। সবাই মিলেই টাকা খরচ করবে।

অর্থমন্ত্রী জেলা পরিষদের খরচের পদ্ধতি নিয়ে সমালোচনাও করেন। তিনি বলেন, জেলা পরিষদে যে বরাদ্দ হয়, তারা খরচ শুরু করে বছরের শেষ দিকে, যাতে চুরিচামারি ভালো করা যায়। জেলা পরিষদ খরচগুলো পরের বছর নিয়ে যায়।

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন অর্থাৎ টাকার মান কমানোর পক্ষে অনেকে মত দিয়েছেন বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘অবমূল্যায়ন হয় তখন, যখন ডলারের চাহিদা বেশি থাকে। যেকোনো কারণেই হোক আমাদের দেশে ডলারের চাহিদা খুব বেশি থাকে না। আগামী দুই মাস পর এ ব্যাপারে কিছু একটা করা হবে।’

অর্থমন্ত্রী বলেন, টিআর-কাবিখা অনেকেই বাদ দিতে চান। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। বর্তমানে দরিদ্রদের জন্য রেশন চালু রয়েছে। এখানে কিছু পরিবর্তন আনার চিন্তা রয়েছে।

ঢাকাসহ সারা দেশেই পানির স্তর নিচে নেমে গেছে বলে অনেকে উদ্বেগ প্রকাশ করেন এবং অর্থমন্ত্রী বলেন যে তিনি নিজেও এ ব্যাপারে উদ্বিগ্ন। অর্থমন্ত্রী আগামী বাজেটে বিষয়টিকে জরুরি ও গুরুত্বপূর্ণ হিসেবে দেখবেন বলে জানান।

মুহিত বলেন, প্রণোদনার অর্থ ছাড়ের নিয়ম হচ্ছে তিন মাস পরপর। বাস্তবে তা হয় না অর্থাৎ মন্ত্রণালয় টাকা দেয় না। এতে প্রণোদনার মূল্যটা নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে অনেকেই কথা বলেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করার ব্যাপারেও কথা উঠেছে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, ‘এমপিওভুক্তি কমিয়েছি, তবু চালু আছে। তবে পদ্ধতিটা ভালো না। অনেক ফাঁকিজুকি আছে। বিষয়গুলো দেখতে একটা কমিটি করেছিলাম। কার্যকর হয়নি।’ বাংলাদেশি ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগ করার বিষয়ে তিনটি প্রস্তাব রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে কেইস-টু-কেইস ভিত্তিতে অনুমতি দেওয়া হয়। তবে আমরা এ ব্যাপারে নমনীয়। কিছুদিনের মধ্যে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদনের জন্য এ-বিষয়ক একটি প্রস্তাব উঠবে।’

আলোচনায় সংসদীয় কমিটির সভাপতিদের মধ্যে আবদুল মতিন খসরু, ফারুক খান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তাজুল ইসলাম চৌধুরী, এ কে এম রহমতউল্লাহ, ওমর ফারুক চৌধুরী, দীপু মনি প্রমুখ অংশ নেন।