কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের নির্মাণকাজ ২০১৭ সালের মার্চে শেষ হবে।
গতকাল বৃহস্পতিবার মেরিন ড্রাইভ সড়কের কলাতলীর ভাঙা অংশ পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, পাহাড় আর সমুদ্রের মাঝখান দিয়ে চলে যাওয়া ৮৪ কিলোমিটারের এই মেরিন ড্রাইভ সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা। কলাতলী থেকে উখিয়ার ইনানী পর্যন্ত সড়কের নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন টেকনাফের সাবরাং অর্থনৈতিক অঞ্চল পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ চলছে। ২০১৭ সালের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কটি উদ্বোধন করবেন।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে সড়কটি নির্মাণ করা হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনীর মাধ্যমে কলাতলী থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ‘বিচ ওয়াকওয়ে’ তৈরির প্রকল্প নেওয়া হচ্ছে। সৈকতকে ক্ষতিগ্রস্ত না করে এই ওয়াকওয়ে তৈরি হবে। তা ছাড়া কলাতলী অংশে বিচ্ছিন্ন মেরিন ড্রাইভ সড়কের আড়াই কিলোমিটার অংশ নির্মাণে আরও ৮৪ কোটি টাকার আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ।