প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন স্থগিত করে রাখা বেসরকারি কলেজশিক্ষকদের টাইমস্কেল (বর্ধিত আর্থিক সুবিধা) আগামী জানুয়ারি থেকে আবার চালু করা হবে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান।সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এ জন্য অর্থ মন্ত্রণালয় থেকে কোনো বরাদ্দ পাওয়া যায়নি। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষকদের টাইমস্কেল দেব। এ জন্য মন্ত্রণালয়ের অন্য খাত থেকে টাকা নিয়ে এই খাতে দেওয়া হবে।’আট বছর পূর্ণ হওয়ায় গত বছরের নভেম্বর মাস থেকে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাষক পর্যায়ের শিক্ষকদের টাইমস্কেল দেওয়া হয়েছিল। কিন্তু দুই মাস দেওয়ার পর অর্থসংকটের কথা বলে এই স্কেল স্থগিত করা হয়। এটা এখনো স্থগিত আছে।