বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ বলেছেন, আগামী মাসে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। তখন দেশে বিদ্যুৎসংকট অনেকটাই কমে যাবে। গতকাল বুধবার নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) কার্যালয়ে বিদ্যুৎসংক্রান্ত সমস্যা নিয়ে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এ কথা বলেন। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাপা (এ) দলীয় সাংসদ নাসিম ওসমান, ডিপিডিসির পরিচালক (টেকনিক্যাল) মো. ইকবাল হোসেন, পরিচালক (অপারেশন) এফ এম ফরিদুল হক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান, ডিপিডিসির নারায়ণগঞ্জ জোনের উপব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, ডিপিডিসি নারায়ণগঞ্জ পশ্চিম জোনের ব্যবস্থাপক মাহমুদুল হক, পূর্ব জোনের ব্যবস্থাপক মহাবুবুল আলম, ফতুল্লা জোনের ব্যবস্থাপক আবদুল হামিদ প্রমুখ। আবুল কালাম আজাদ বলেন, সরকার বিদ্যুৎ ঘাটতি মেটাতে ক্ষমতা নেওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কয়েক বছরের মধ্যে দেশে বিদ্যুৎসংকট থাকবে না—এমন লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।