আগামী মাসে সংসদ বাংলাদেশ চ্যানেলের সম্প্রচার শুরু হবে
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, আগামী মাসেই (জুলাই) ‘সংসদ বাংলাদেশ’ নামের সংসদ টিভি চ্যানেলের সম্প্রচার চালু হবে। প্রথমে পরীক্ষামূলকভাবে এই চ্যানেলের স্যাটেলাইট সম্প্রচার শুরু হবে। আগামী ডিসেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় চ্যানেলটির টেরিস্ট্রিয়াল সম্প্রচার চালুর কার্যক্রম চলছে।জাতীয় সংসদে গতকাল শনিবার নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, টিভি চ্যানেল সংসদ বাংলাদেশ মূলত সংসদ ও উন্নয়নসংক্রান্ত সংবাদ প্রচার করবে।বিকেলে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে এ প্রশ্নটি উত্থাপিত হয়। বিএনপিসহ বিরোধী দলের সদস্যরা গতকালও সংসদে ফেরেননি।অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার বাংলা ভাষার যথাযথ ব্যবহার ও প্রয়োগ নিশ্চিত করতে সব বেসরকারি বেতার ও টেলিভিশন কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে। তিনি বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় গত ১৭ ফেব্রুয়ারি বেসরকারি এফএম বেতার কেন্দ্র এবং টিভি চ্যানেলগুলোর মালিক, প্রতিনিধিদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের বৈঠক হয়। বৈঠকে মালিক ও প্রতিনিধিদের ভাষার মর্যাদা রক্ষার পরামর্শ দেওয়া হয়। দুই হাজার ২৪৯টি শিল্পপ্রতিষ্ঠানকে নিবন্ধন: শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এক প্রশ্নের জবাবে বলেন, গত ১ জানুয়ারি থেকে মে পর্যন্ত দুই হাজার ২৪৯টি শিল্পপ্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে যৌথ উদ্যোগে ১৩৮টি, ১০০ ভাগ বিদেশি বিনিয়োগে ৬৫টি এবং স্থানীয় বিনিয়োগে দুই হাজার ৪৬টি প্রতিষ্ঠান রয়েছে। দৈনিক গ্যাসের ঘাটতি ৫০০ মিলিয়ন ঘনফুট: গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, দেশে দৈনিক গ্যাসের ঘাটতি প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা দুই হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট। আর উৎপাদন হচ্ছে দুই হাজার ঘনফুট। গিয়াস উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০১৪ সালের মধ্যে ছয় হাজার ৮২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে সরকারি ও বেসরকারি মাধ্যমে গ্যাস, কয়লা, ডিজেল, ফার্নেস অয়েল, ডুয়েল ফুয়েল এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় এই বিদ্যুৎ উৎপাদন করা হবে। তিনি জানান, বর্তমানে গড়ে প্রতিদিন তিন হাজার ৮০০ থেকে চার হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি খাতে ৪৪টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে।