আগামী মাসে সরকারি স্থায়ী পে কমিশনের গেজেট

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামী মাসে স্থায়ী পে কমিশনের গেজেট প্রকাশিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাঁদের জন্য মহার্ঘ ভাতাও থাকবে।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এখন পে কমিশনের কার্যপরিধি তৈরির কাজ চলছে। আমরা এটা বলেছি। এটা দেবই।’
আর্থিক প্রতিবেদন আইন (এফআরএ) ২০১৩ প্রসঙ্গে মুহিত বলেন, আইনটি মন্ত্রিসভা অনুমোদন করেছে। এটি পাস করার জন্য সংসদের চলতি অধিবেশনে উপস্থাপন করা হবে। তিনি বলেন, আইনটি পাস না করার জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা বিরোধিতা করে আসছেন। তাঁদের বিষয়ে যথেষ্ট অভিযোগ রয়েছে। স্টক এক্সচেঞ্চগুলো বলে, তাদের ধ্বংস করে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা। তাঁদের প্রতিবেদনের সঙ্গে বাস্তবতার সম্পর্ক থাকে না।
আজকের বৈঠকে গ্রাম পুলিশদের পক্ষ থেকে বেতন-ভাতা বাড়ানো, রেশন ও অবসরকালীন আর্থিক সুবিধার দাবি জানানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদকালে এসব দাবি পূরণ করা মুশকিল হবে। বর্তমান সরকার আছে বড়জোর ২৪ জানুয়ারি পর্যন্ত।