আগামী মৌসুমে শিবগঞ্জে আলুবীজ সংকটের আশঙ্কা
আগামী মৌসুমে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মানসম্পন্ন আলুবীজের সংকটের আশঙ্কা রয়েছে। একদিকে বীজ সংরক্ষণের জন্য হিমাগারে জায়গা নেই; অন্যদিকে কৃষকেরা স্থানীয় পদ্ধতিতে যেসব আলুবীজ সংরক্ষণ করছেন, তার গুণগত মান বজায় থাকছে না।জানা গেছে, আলু উৎপাদনে এ উপজেলা উত্তরাঞ্চলের প্রধান এলাকা হওয়ায় এখানে ১২টি হিমাগার নির্মাণ করা হয়েছে, যার ধারণক্ষমতা ৯৭ হাজার ৭০০ মেট্রিক টন। এ উপজেলায় চলতি মৌসুমে ১৬ হাজার ৩০০ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর ফলন হয়েছে অনেক বেশি। কিন্তু খেত থেকে আলু তোলার পর তা সংরক্ষণ করতে সমস্যায় পড়ায় এখন তাঁরা উৎকণ্ঠায় পড়েছেন। তবে সবচেয়ে বেশি উৎকণ্ঠিত প্রকৃত আলুচাষিরা। হিমাগারের বেশির ভাগ জায়গাজুড়ে আলু ব্যবসায়ীরা খাওয়ার আলু সংরক্ষণ করে ফেলেছেন। যে সামান্য পরিমাণ বীজ হিমাগারগুলোতে সংরক্ষণ করা হয়েছে, তা যথেষ্ট নয়।কৃষিবিদেরা জানান, বীজ নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা গেলে আলুর আশাতীত ফলন পাওয়া সম্ভব। হিমাগারগুলোতে খাওয়ার আলু ও বীজ একই তাপমাত্রায় সংরক্ষণ করা হয়ে থাকে। ২ দশমিক ৫ ডিগ্রি থেকে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বীজ সংরক্ষণ করলে দ্বিগুণ আলুর ফলন পাওয়া সম্ভব। তবে শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করলেই চলবে না, আর্দ্রতাও নিয়ন্ত্রণ করা আবশ্যক। ৮৫ থেকে ৯০ শতাংশ আর্দ্রতায় আলুবীজ রাখতে হবে। উপজেলার বেলভুজা গ্রামের আলুচাষি আজাহার আলী (৪৫) জানান, তিনি আগামী মৌসুমে আলু চাষ করার জন্য হিমাগারে বীজ রাখতে চেয়েছিলেন। কিন্তু অনেক চেষ্টা করেও আলু রাখার কার্ড সংগ্রহ করতে পারেননি। তাই বাড়িতেই বাঁশের মাচা করে বীজ সংরক্ষণ করার চেষ্টা করছেন।উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বিএডিসি যে মানসম্পন্ন বীজ সরবরাহ করে থাকে, তা চাহিদার মাত্র নয় শতাংশ। এ উপজেলায় খাওয়ার আলু সংরক্ষণের পাশাপাশি যদি বীজ সংরক্ষণের জন্য হিমাগারগুলো বিশেষ ব্যবস্থা নেয়, তবে কৃষকেরা এখনকার চেয়ে অনেক বেশি আলু ফলাতে পারবেন।