আগামী রোববার থেকে পণ্যবাহী যান চলাচল বন্ধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট দফা দাবিতে আগামী রোববার থেকে সারা দেশে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ‘আন্তজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি’র কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ হুমকি দেওয়া হয়। সভায় পরিবহন মালিক সংগঠনগুলোর নেতারা অংশ নেন।
আট দফার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে সায়েদাবাদ ট্রাকস্ট্যান্ড পুনর্বহাল করা, পণ্যবাহী গাড়ির বাম্পার ও সাইড অ্যাঙ্গেল খোলার নির্দেশ প্রত্যাহার করা, জেলা ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করা এবং ওজন স্কেলে সরকার নির্ধারিত ওজনসীমা আরও বাড়ানো।
সভায় ঐক্য পরিষদের সভাপতি রুস্তম আলী খান আট দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। অন্যথায় রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহনকারী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সদস্যসচিব কাউছার আহম্মেদ, ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মকবুল আহম্মেদ, বন্দর ট্রাক মালিক ও ঠিকাদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহুর আহম্মদ, কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক সমিতির মহাসচিব আবু মোজাফফর, আন্তজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান প্রমুখ।