রাঙামাটিতে মা সমাবেশ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে আদিবাসী শিশুদের জাতীয় ভাষা বাংলার পাশাপাশি নিজস্ব মাতৃভাষায় শিক্ষাদান শুরু হবে। এ লক্ষ্যে পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে।
গতকাল শনিবার সকাল ১০টায় রাঙামাটি শহরের শহীদ আবদুল আলী একাডেমী মাঠে আয়োজিত মা সমাবেশে মো. মোতাহার হোসেন এ ঘোষণা দেন। প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশু ভর্তি নিশ্চিতকরণ, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও ঝরে পড়া রোধের লক্ষ্যে এই মা সমাবেশের আয়োজন করা হয়। রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে অংশগ্রহণকারী রাঙামাটি সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ১২ জন মা শিক্ষা ক্ষেত্রে স্থানীয় শিশুদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, যুগ্ম সচিব রূপন কান্তি শীল ও মো. ফারুক জলিল, জেলা পরিষদের শিক্ষা উপকমিটির আহ্বায়ক অং সুইপ্রু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুছাসহ বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জনপ্রতিনিধি।