আগামী শিক্ষাবর্ষ থেকে ব্যাকরণ বই দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, বর্তমান সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে অন্যান্য বইয়ের পাশাপাশি বাংলা ও ইংরেজি গ্রামার (ব্যাকরণ) বই দেবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ওই বই ছাপাচ্ছে। এতে করে ব্যাকরণ বই নিয়ে বাণিজ্যকরণের নৈরাজ্য ঠেকানো যাবে। শিক্ষার্থীরা শুদ্ধ ব্যাকরণ পড়তে পারবে। গতকাল শনিবার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের জেএসসি, এসএসসি ও এইচএসসিতে সেরা ৬০ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষাসচিব বলেন, বর্তমান সরকারের আমলে সারা দেশে ২০ হাজার ৫০০টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ হবে। কুমিল্লা ও ফেনী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও ওই ক্লাসরুম থাকবে। শিক্ষা বিভাগে বিভিন্ন সাফল্যের দিক উল্লেখ করে শিক্ষাসচিব বলেন, সারা দেশে তিন হাজার স্কুল, এক হাজার ৫০০ কলেজ এবং এক হাজার মাদ্রাসায় নতুন ভবন হবে। এতে সুষমভাবে প্রতি নির্বাচনী এলাকায় আনুপাতিক হারে বরাদ্দ থাকবে। শিক্ষাসচিব আরও বলেন, বর্তমান সরকার সারা দেশে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। সারা দেশে এখনো এমপিওভুক্ত হয়নি এমন ছয় হাজার প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে সারা দেশে ২৭ হাজার ৬৪৫টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। পরে শিক্ষাসচিব কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন এবং কলেজের বিভিন্ন দাবিদাওয়ার কথা শোনেন। ওই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাস, জেলা প্রশাসক মো. রেজাউল আহসান ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম মিয়া।