চার অনুষদের অধীনে ছয়টি বিভাগে আগামী শিক্ষাবর্ষে (২০১১-২০১২) ৩০০ শিক্ষার্থী ভর্তি করার মধ্য দিয়ে যাত্রা শুরু করবে বরিশাল বিশ্ববিদ্যালয়। গত বৃহস্পতিবার রাতে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান এ কথা জানান।শিক্ষাবিদ মো. হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপাচার্য হারুনর রশীদ বলেন, প্রাথমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য ও ব্যবসায় ব্যবস্থাপনা অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হবে। এ চার অনুষদের অধীনে বাংলা, ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, গণিত ও ব্যবস্থপনা বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রতি বিভাগে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ বছর যাঁরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাঁরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। কার্যক্রম শুরু করার জন্য এসব বিভাগে শিক্ষক নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপাচার্য আরও বলেন, ২০১৩ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যাবে। এর আগে অস্থায়ীভাবে বরিশাল জিলা স্কুলের বর্ধিত ভবনে কার্যক্রম চালানো হবে। আগামী জুলাই থেকে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে।