আগামী শিক্ষাবর্ষের বই হবে নতুন শিক্ষাক্রমের আলোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জানুয়ারি থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তক পাবে। নতুন শিক্ষাক্রম অনুসারে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ১১১টি বই ছাপা হচ্ছে। এ ছাড়াও আগামী বছরের জুলাই থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যবইও হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী।গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। শিক্ষাক্রম তৈরির এই কাজটি শুরু হয় ২০১০ সালে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমবারের মতো প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ধারার (সাধারণ, মাদ্রাসা ও ইংরেজি) বাংলা, ইংরেজি, গণিতসহ আবশ্যিক বিষয়গুলো একই মানের হবে। বিষয়গুলোর পরীক্ষাতে নম্বর বণ্টনও একই রকম হবে। এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নম্বর মান হবে ৬৫০।এ ছাড়া নতুন শিক্ষাবর্ষে আরও নতুন কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও মন্ত্রী জানান। এসব বিষয় হলো, বাংলাদেশ ও বিশ্বপরিচয় (ষষ্ঠ থেকে দশম), কর্ম ও জীবনমুখী শিক্ষা (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (ষষ্ঠ থেকে দ্বাদশ) এবং ক্যারিয়ার শিক্ষা (নবম ও দশম শ্রেণী)।এ ছাড়াও নতুন ঐচ্ছিক বিষয় হিসেবে থাকবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি (ষষ্ঠ থেকে দশম শ্রেণী), একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। নতুন বিষয়বস্তু হিসেবে থাকবে প্রজনন স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, এইচআইভি/এইডস, অটিজম, তথ্য অধিকারসহ কিছু বিষয়। এ ছাড়াও প্রচলিত বিষয়বস্তুও পরিমার্জন করা হয়েছে।প্রাথমিক শিক্ষার্থীদের পড়ার বোঝা কমাতে বিষয়বস্তু কমানো হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ধর্মশিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষাও যোগ হয়েছে।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের জন্য এটি মৌলিক ও যুগান্তকারী পদক্ষেপ। কারণ, প্রায় ১৫ বছর আগের শিক্ষাক্রম দিয়ে আধুনিক শিক্ষা সম্ভব নয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে ১১১টি বই ছাপা হচ্ছে তার মধ্যে ৩৩টি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, ৫১টি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং ২৭টি বই নবম ও দশম শ্রেণীর। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষানীতি, রূপকল্প ২০২১, স্থানীয় ও বৈশ্বিক চাহিদার ওপর ভিত্তি করে শিক্ষাক্রম সংশোধন করা হয়েছে। এতে ভাষা শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। যেমন শোনা, বলা, পড়া ও লেখা—এই চারটি বিষয়ই শ্রেণীকক্ষে অনুশীলনের ব্যবস্থা থাকবে। পাঠ্যবইয়ে সৃজনশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।শিক্ষাক্রমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংযোজন ও মুক্তিযুদ্ধের সঠিক চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন বলেন, আগামী বছরের নতুন শিক্ষাক্রমের বইগুলো হবে পরীক্ষামূলক সংস্করণ। ভুলত্রুটি হলে পরে সেগুলো সংশোধন করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষাক্রমবিশেষজ্ঞ ছিদ্দিকুর রহমান প্রমুখ।উল্লেখ্য, সর্বশেষ সংশোধিত শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু হয়েছিল ১৯৯৬-৯৭ সালে।