আগামী শুক্রবার কিআনন্দ উৎসব

শিশু-কিশোরদের জন্য মাসিক ম্যাগাজিন কিশোর আলোর তিন বছর পূর্ণ হলো। কিআর জন্মদিনে এ বছরও আয়োজন করা হচ্ছে ‘কিআনন্দ’ উৎসবের। ৭ অক্টোবর শুক্রবার রাজধানীর আসাদগেটের সেন্ট যোসেফ স্কুলে কিশোর-কিশোরীদের জন্য দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
উৎসবে শিশু-কিশোরদের জন্য এবং তাদের অংশগ্রহণে থাকবে বিচিত্র প্রদর্শনী, কর্মশালা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা। আরও থাকবে কার্টুন ও কমিকস প্রদর্শনী, বিজ্ঞান ও প্রযুক্তির মজার পরীক্ষা, অ্যাডভেঞ্চার, টয় কার রেস, বিট বক্সিং, অরিগ্যামি, ছবি আঁকা ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা, জাদু, খেলাধুলা, কম্পিউটার গেম, ফ্ল্যাশ মব এবং সাইকেল স্টান্টের মতো মজার আয়োজন। থাকবে গান ও নৃত্যসংবলিত সাংস্কৃতিক অনুষ্ঠান। চাইলেই করিয়ে নিতে পারবে তোমার ক্যারিকেচার। অনুষ্ঠানে শিশু-কিশোরদের উৎসাহ দিতে উপস্থিত থাকবেন দেশের সেরা খেলোয়াড়, শিল্পী, তারকা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকেরা। সকাল আটটায় উদ্বোধন হয়ে কিআনন্দ উৎসব চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
তোমাদের অংশগ্রহণ: কিআনন্দ উৎসবের সব আয়োজন শিশু-কিশোরদের জন্য, তাদের মতো করে। এর পাশাপাশি কিছু আয়োজনে সরাসরি অংশগ্রহণের সুযোগও থাকবে।
সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে অংশ নিতে পারবে তৃতীয় থেকে পঞ্চম (ক বিভাগ) এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি (খ বিভাগ) পর্যন্ত পড়ুয়া যে-কেউ। প্রতিযোগিতার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে চলে আসতে হবে উৎসব প্রাঙ্গণে। সঙ্গে করে ছবি আঁকার সরঞ্জাম আনতে হবে। প্রয়োজনীয় কাগজ কিআর পক্ষ থেকে দেওয়া হবে। বিজয়ীদের জন্য থাকছে পুরস্কার!
কিআনন্দ কসপ্লেতে (কস্টিউম প্লে) তোমরা সেজে আসতে পারো তোমার প্রিয় টিনটিন, সুপারম্যান, ব্যাটম্যানসহ যেকোনো কমিকস চরিত্র কিংবা রবীন্দ্রনাথ, বেগম রোকেয়া, আইনস্টাইনের মতো বিভিন্ন ব্যক্তিত্বের সাজে। কসপ্লে শুরু হবে বেলা তিনটায়। রয়েছে পুরস্কার।
কিআনন্দে সকাল ১০টায় শুরু হবে টেবিল টেনিস টুর্নামেন্ট। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে কিআ চ্যাম্পিয়নশিপে। তোমার টিটি ব্যাটটি সঙ্গে এনো। নিবন্ধনের জন্য ফোন করো ০১৯৫৫৫৫২০৯৭ নম্বরে।
শখের জিনিসের পসরা নিয়ে আসবে বন্ধুরা৷ কিশোরদের নিজেদের খাবারের দোকান থাকবে৷ হবে মোড়গের লড়াই, মার্বেল, খেলনা গাড়ির রেসের মতো মজার খেলাও৷ দিনভর মজা আর মজা। খেলনা গাড়ির রেসে অংশ নিতে হলে তোমার গাড়িটি নিয়ে আসতে হবে বেলা দুইটায়৷ এমন নানা কিছু অপেক্ষা করছে তোমার জন্য৷
কিআর দুনিয়ায় তোমাকে স্বাগত৷