আগামী শুক্রবার জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী শুক্রবার জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৫ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গণিত সমিতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. আবদুর রব।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের গাণিতিক ও বিশ্লেষণিক দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে গণিতের গুরুত্ব তুলে ধরতে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। এবারের অলিম্পিয়াডে ১২টি বিশ্ববিদ্যালয়ের ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
দেড় ঘণ্টার এ প্রতিযোগিতায় গণিতের মৌলিক বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে সনদ, সম্মাননা এবং ক্রেস্ট দেওয়া হবে। এ ছাড়া অংশগ্রহণকারী সবার জন্য থাকছে সনদ। অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রতিযোগীরা খ্যাতিমান গণিতবিদদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ওই দিন বেলা তিনটায় গণিত বিভাগের গ্যালারিতে পুরস্কার তুলে দেওয়া হবে।