আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে: নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাষ্ট্রপতি তাঁর ক্ষমতাবলে নির্বাচিত কমিশন গঠন করেছেন। ২০১৯ সালে আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। রেফারি নির্বাচন হয়ে গেছে। মাঠে খেলা হবে। নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট নির্বাচিত হবে।
আজ শনিবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের ফলক উন্মোচন শেষে হাসপাতাল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী কথাগুলো বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৯৮ সালে শেখ হাসিনার সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক চালু করে। কিন্তু ২০০১ সালে বিএনপি সরকার এসে তা বন্ধ করে দেয়। মহাজোট সরকারের সময়ে গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশ এগিয়ে যাচ্ছে। অথচ বিএনপির নেত্রী মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। মানুষ পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় যাওয়া যাবে না। নির্বাচনের বিকল্প নির্বাচন। ভোটের বিকল্প ভোট। বিএনপিকে মাঠে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানান তিনি।
আগামী নির্বাচনে মহাজোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মহাজোট নির্বাচিত না হলে দেশে আবার বাংলা ভাইয়ের সৃষ্টি হবে। জঙ্গির উত্থান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ক্ষমা করেন না। আমাদের মন্ত্রী পর্যন্ত তিনি বহিষ্কার করেছেন। এমপিরা জেল খেটেছেন।’
চিকিৎসকদের হৃদয়বান মানুষ ও নার্সদের মমতাময়ী হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষকে সেবা দেওয়াই চিকিৎসকদের বড় কাজ। চিকিৎসকদের গ্রামে থাকতে হবে। হাসপাতাল করব, ভবন করব কিন্তু হাসপাতালে চিকিৎসক না থাকলে কি হবে? প্রত্যেক চিকিৎসককে কমপক্ষে গ্রামে থাকতে হবে।
পিরোজপুরের সিভিল সার্জন মুহাম্মদ ফখরুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক মাহাবুবুর রহমান প্রমুখ।